নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, অগ্নিসংযোগ ও হত্যার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়ায় বিএনপির শান্তি মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) দুপুর ১২টার দিকে শহরের পৌরসভা প্রাঙ্গণ থেকে মিছিলটি বের হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি শহীদ মিনার প্রাঙ্গণে গিয়ে সমাবেশে মিলিত হয়। মিছিলে হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্রি, মহিপুর থানা বিএনপির সভাপতি জলিল হাওলাদার, কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক ও কুয়াকাটা পৌর বিএনপির সভাপতি আজিজ মুসুল্লী। এ সময় বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে এবিএম মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগের কিছু নেতা দিবাস্বপ্ন দেখছেন। শেখ হাসিনার দেশে ফেরার কথা বলা আর পাগলের মাথা খারাপ হওয়ার কথা বলা একই বিষয়। তিনি আওয়ামী লীগের নেতাকর্মীদের অগ্নিসন্ত্রাস বাদ দিয়ে শান্তিতে থাকার আহ্বান জানান।
এ ছাড়া আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মামলার বিভিন্ন ঘটনার বর্ণনা তুলে ধরেন তিনি।