কে এম জহুরুল হক, গাইবান্ধা জেলা প্রতিনিধি
কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসী ঘাট এলাকায় ঝড়ো হাওয়া ও বৃষ্টির কবলে পড়ে ভিজিএফের সরকারি চালবোঝাই একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় প্রায় ৪৬৭ বস্তা চাল নদীতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, এরেন্ডাবাড়ী ইউনিয়নের ৪ হাজার ৬৮৪ জন উপকারভোগীর মাঝে বিতরণের জন্য মোট ৪৬ দশমিক ৮৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দেওয়া হয়। এসব চাল বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে পৌঁছে বিতরণের কথা ছিল।স্থানীয়রা জানান, বালাসী ঘাট এলাকায় নদীপথে চাল পরিবহনের সময় হঠাৎ প্রবল ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়। এতে চালবোঝাই নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়। নৌকাডুবির ঘটনায় ৫০ কেজি ওজনের ৪৬৭ বস্তা চাল নদীতে তলিয়ে যায়। যার পরিমাণ প্রায় ২৩ হাজার ৩৫০ কেজি।এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সাইদুর রহমান গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় উল্লেখযোগ্য পরিমাণ সরকারি চাল ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে অবশিষ্ট প্রায় ২৩ হাজার ৫৫৪ কেজি চাল নিরাপদে ইউনিয়ন পরিষদে পৌঁছানো সম্ভব হয়েছে।ঘটনার পরপরই স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্টরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন শেষে জানান, ডুবে যাওয়া চাল উদ্ধারের কাজ চলছে এবং নৌযানগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।তিনি আরও বলেন, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে আবহাওয়ার পূর্বাভাস ও সতর্কতা মেনে নৌপথে সরকারি মালামাল পরিবহারের বিষয়ে কঠোর নির্দেশনা অনুসরণ করা হবে।