নিজের বাণিজ্যনীতির লক্ষ্য বাস্তবায়নে নতুন করে একগুচ্ছ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে আমদানির ওপর ধার্য করা এসব শুল্কের প্রভাব পড়বে দেশটির বড় বাণিজ্যিক অংশীদার চীন, ইউরোপীয় ইউনিয়ন এবং বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের ওপর।
বুধবার (২৫ নভেম্বর) বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ট্রাম্পের বাণিজ্যনীতি এগিয়ে নেওয়ার অংশ হিসেবে যুক্তরাষ্ট্র নতুন করে এসব শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে। এর আওতায় চীন, ইউরোপীয় ইউনিয়নসহ যুক্তরাষ্ট্রের একাধিক গুরুত্বপূর্ণ বাণিজ্যিক অংশীদার রয়েছে।
মার্কিন সুপ্রিম কোর্ট ট্রাম্পের আগে ঘোষণা করা ‘লিবারেশন ডে’ শুল্ককে অবৈধ ঘোষণা করার পর মার্চ মাসে বিভিন্ন দেশের বাণিজ্যনীতি নিয়ে হোয়াইট হাউসের তদন্ত শুরু হয়। সেই তদন্তের পরিপ্রেক্ষিতেই নতুন শুল্ক আরোপের এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন শুল্কের মধ্যে চীনের পণ্যে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত কর ধার্য করা হয়েছে। ভিয়েতনামের ক্ষেত্রে এ হার সর্বোচ্চ ৩৫ শতাংশ। অন্য দেশগুলোর পণ্যে ২০ থেকে ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করা হয়েছে।
তবে ট্রাম্পের সঙ্গে আগে সম্মত হওয়া শুল্কের সর্বোচ্চ সীমার কারণে কয়েকটি ক্ষেত্রে কার্যকর শুল্কের হার কমে আসবে।
তথাকথিত ‘ধারা ৩০১’ তদন্তের আওতায় রয়েছে চীন, ইউরোপীয় ইউনিয়ন, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, কম্বোডিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, তাইওয়ান, বাংলাদেশ, জাপান ও ভারত।
ধারা ৩০১-এর আওতায় বিদেশি সরকারগুলোর নীতি ও কর্মকাণ্ড পর্যালোচনা করা হয়। এসব নীতি যুক্তরাষ্ট্রের ব্যবসায়ী, শ্রমিক ও ভোক্তাদের স্বার্থে অন্যায্য প্রভাব ফেলছে কি না, তা খতিয়ে দেখাই এ তদন্তের উদ্দেশ্য।
ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের উৎপাদন বাড়ানো এবং কর্মসংস্থান সৃষ্টির যুক্তি তুলে ধরে বিভিন্ন দেশের ওপর একাধিকবার শুল্ক আরোপের হুমকি দিয়েছেন এবং শুল্ক কার্যকর করেছেন।