বগুড়া সদর থানার হত্যা ও মাদক মামলার দুই আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। তাদেরকে পুলিশে হস্তান্তর পরবর্তী আদালতে সোপর্দ করা হয়েছে। অপরাধ প্রবণতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলমান।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। বুধবার দিবাগত রাতে বগুড়া শহরের চক-সূত্রাপুর মহল্লায় অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করা হয়। এরআগে, সদর উপজেলার কুরশাপাড়া এলাকা থেকে আটক হয় আরও একজন। তাদেরকে সদর থানায় হস্তান্তর করে এসআরবি।
গ্রেপ্তারকৃতরা হলেন- মাদক মামলার আসামি শামসুদ্দিন শেখ শিমু (৫৩)। তিনি শহরের চক-সূত্রাপুর মহল্লার মনজু শেখের ছেলে। হত্যা মামলার আসামি সিদ্দিক হোসেন (৬২) সদর উপজেলার বাসিন্দা। তিনি কুরশাপাড়া গ্রামের গেন্দা শেখের ছেলে। দুই আসামি গ্রেপ্তার এড়াতে পালিয়ে আত্মগোপনে ছিলেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালে মাদক কারবারি শামসুদ্দিনের বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের হয়। আসামি পলাতক থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত। ২০১৫ সালে হত্যাকান্ডের ঘটনায় মামলা রেকর্ড করে সদর থানা। আসামি সিদ্দিক হোসেন দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।