রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উদযাপন শুরু হয়েছে। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়।
সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় থেকে র্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। পরে তিনি জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. নুরুজ্জামান (এডভোকেট) এবং পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ শহিদুল ইসলাম।
সভায় প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, গবাদিপশু ও হাঁস-মুরগির উৎপাদন বৃদ্ধি, প্রাণিস্বাস্থ্য সুরক্ষা, আধুনিক খামার ব্যবস্থাপনা এবং নিরাপদ প্রাণিজ আমিষের চাহিদা পূরণে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দুধ, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক বাজারে প্রাণিজ পণ্য রপ্তানির সম্ভাবনাও রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে খামারিদের দক্ষতা বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত জাতের পশু পালন এবং প্রাণিরোগ প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণ প্রয়োজন।
তাঁরা আরও বলেন, প্রাণিসম্পদ খাতকে টেকসই ও বাণিজ্যিকভাবে সমৃদ্ধ করতে সরকারি সেবার মানোন্নয়ন, খামারিদের নিয়মিত প্রশিক্ষণ এবং সরকারি-বেসরকারি উদ্যোগের সমন্বয় জরুরি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তর, উদ্যোক্তা ও খামারিদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।
উল্লেখ্য, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে ২৬ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সারা দেশে বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। এর অংশ হিসেবে নেত্রকোনায়ও প্রাণিসম্পদ খাতের উন্নয়ন, নতুন উদ্যোক্তা সৃষ্টি এবং খামারিদের উৎসাহিত করতে বিভিন্ন আয়োজন করা হয়েছে।