'রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যে নীলফামারীর কিশোরগঞ্জে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা নির্বাহি অফিস চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ অফিসার আনোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন ডাঃ ইসারাতুজ্জাহান ইমা, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, সংরক্ষিত মহিলা সংসদ সদস্যের প্রতিনিধি দেলোয়ার হোসেন, অফিসার ইনচার্জ আব্দুল গফুর, জামায়তের আমির রবিউল ইসলাম, সেক্রেটারি শিব্বির আহমেদ, খামারি আশিকুর রহমান,এসমোতারা আজম চায়না প্রমূখ।
উক্ত আলোচনা সভায় বক্তারা বলেন,দেশের অর্থনীতি, পুষ্টি চাহিদা পূরণ ও কর্মসংস্থান সৃষ্টিতে প্রাণিসম্পদ খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতকে আরও সমৃদ্ধ করতে নিরাপদ দুধ, ডিম ও মাংস উৎপাদন নিশ্চিত করার পাশাপাশি গবাদিপশুর রোগ প্রতিরোধ, উন্নত জাতের পশু পালন এবং খামারিদের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে রপ্তানিমুখী প্রাণিসম্পদ খাত গড়ে তুলতে খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।