মাদারীপুরে অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের চলাচল নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যার দিকে মাদারীপুর সদর মডেল থানার সামনে মালবোঝাই একটি অবৈধ নসিমন উল্টে সড়কের ব্যারিকেড ভেঙে মালামালসহ রাস্তায় পড়ে যায়। এতে সড়কের এক পাশ দিয়ে যানবাহন চলাচলে সাময়িক বিঘ্ন সৃষ্টি হয়। পরে সদর থানা পুলিশের সহায়তায় যান চলাচল স্বাভাবিক হয়।
বিআরটিএর অনুমোদিত তালিকার বাইরে থাকা এবং স্থানীয় ওয়ার্কশপে ইঞ্জিন সংযোজন করে তৈরি করা নসিমন, করিমন ও ভটভটির মতো যানবাহন সড়কে চলাচলের ক্ষেত্রে সম্পূর্ণ অবৈধ। শ্যালো ইঞ্জিন বা সেচপাম্পের ইঞ্জিন দিয়ে তৈরি এসব যান পণ্য ও যাত্রী পরিবহনে ব্যবহৃত হলেও এগুলোর কোনো নিবন্ধন কিংবা প্রয়োজনীয় নিরাপত্তা কাঠামো নেই। ফলে এসব যানবাহন সড়কে চলাচলের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ।
বাংলাদেশের ২২টি জাতীয় মহাসড়কে থ্রি-হুইলার বা তিন চাকার যানবাহন (সিএনজি, অটোটেম্পো) চলাচল সরকারিভাবে নিষিদ্ধ। কিন্তু অভিযোগ রয়েছে, সংশ্লিষ্টদের ম্যানেজ করে এসব অবৈধ যানবাহন জাতীয় মহাসড়কে অবাধে চলাচল করছে। প্রশাসনকে ম্যানেজ করে এসব ঝুঁকিপূর্ণ যানবাহন দিন-রাত মাদারীপুর জেলার বিভিন্ন সড়কে চলাচল করতে দেখা যায়।
স্থানীয়ভাবে দেখা যাচ্ছে, মালামাল পরিবহনের নামে এসব নসিমনে অতিরিক্ত পণ্য বোঝাই করে জাতীয় ও আঞ্চলিক মহাসড়কে চলাচল করা হচ্ছে। মাদারীপুর সদর মডেল থানার সামনে দুর্ঘটনার শিকার হওয়া নসিমনটিও অতিরিক্ত মালামাল বোঝাই করে চলাচল করছিল বলে জানা গেছে।
সড়ক পরিবহন আইন, ২০১৮ অনুযায়ী অবৈধ, নিবন্ধনহীন বা ত্রুটিপূর্ণ যানবাহন চালানোর ক্ষেত্রে সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। তবে অভিযোগ রয়েছে, এসব আইন উপেক্ষা করেই যানবাহনের মালিক ও চালকেরা জাতীয় মহাসড়কে অবৈধভাবে যান চলাচল অব্যাহত রেখেছেন।
সড়কে শৃঙ্খলা ও জননিরাপত্তা নিশ্চিত করতে এসব অবৈধ ও ঝুঁকিপূর্ণ যানবাহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সচেতন মহল।