দেশব্যাপী সন্ত্রাসী সংগঠন, আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অপচেষ্টা রুখে দিতে ঢাকার কেরানীগঞ্জে পৃথকভাবে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্গত জিনজিরা, আগানগর ইউনিয়ন ও ইকুরিয়ায় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে জিনজিরা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও মোড় থেকে নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে জড়ো হন এবং পরবর্তীতে পৃথকভাবে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলে অংশগ্রহণকারী নেতাকর্মীরা যে কোনো ধরনের নাশকতা ও অপতৎপরতার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বিভিন্ন স্লোগান দেন।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বলেন, জনগণের জানমালের নিরাপত্তা রক্ষা এবং এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সবসময় রাজপথে সজাগ ও ঐক্যবদ্ধ থাকবে। দেশের বিরুদ্ধে যে কোনো ষড়যন্ত্র বা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে সাধারণ মানুষকে সাথে নিয়ে তা কঠোরভাবে প্রতিহত করা হবে।
কর্মসূচিতে জিনজিরা ও আগানগর ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ এবং বিপুলসংখ্যক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন। মিছিল চলাকালে উভয় ইউনিয়নের প্রধান সড়কগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল।