দেশের প্রথম ও একমাত্র রূপপুরের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য রাশিয়া থেকে আমদানি করা ইউরেনিয়ামের নবম ও সর্বশেষ চালান প্রকল্প এলাকায় পৌঁছেছে।
শুক্রবার সকালে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর প্রকল্প এলাকায় প্রবেশ করে।
এই চালান পৌঁছানোর মধ্য দিয়ে কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য নির্ধারিত পারমাণবিক জ্বালানি আমদানির ঐতিহাসিক প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হলো।
বাংলাদেশ সেনাবাহিনীর সার্বিক তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিশ্ছিদ্র নিরাপত্তাবলয়ে জ্বালানিবাহী লরিগুলো প্রকল্প এলাকায় নিয়ে আসা হয় বলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস জানান।
প্রকল্প কর্তৃপক্ষ জানায়, কেন্দ্রটির দুটি ইউনিটের জন্য মোট নয়টি ধাপে পারমাণবিক জ্বালানি দেশে আনা হয়েছে। এর মধ্যে দ্বিতীয় ইউনিটের মূল জ্বালানির জন্য সাতটি এবং প্রথম ইউনিটের অতিরিক্ত জ্বালানি (রিফুয়েলিং) হিসেবে দুটি চালান নির্ধারিত ছিল।
রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের পরিকল্পনা অনুযায়ী, সাতটি বিশেষ কার্গো বিমানে দ্বিতীয় ইউনিটের জন্য ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং দুটি কার্গো বিমানে প্রথম ইউনিটের জন্য আরও ৪৮টি অ্যাসেম্বলি আনা হয়েছে। সর্বশেষ চালানটি নিরাপদে পৌঁছানোর মাধ্যমে জ্বালানি সরবরাহের পুরো চক্রটি পূর্ণতা পেল।
রাশিয়ার সর্বাধুনিক প্রযুক্তিতে নির্মিত রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ‘ভিভিইআর-১২০০’ মডেলের দুটি ইউনিট রয়েছে। প্রতিটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদনক্ষমতা ১ হাজার ২০০ মেগাওয়াট। ইউনিট দুটি পূর্ণ সক্ষমতায় চালু হলে দেশের জাতীয় গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যুক্ত হবে, যা দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা মেটাতে এবং দীর্ঘমেয়াদি জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুগান্তকারী ভূমিকা রাখবে।
এদিকে, জ্বালানি আমদানির কাজ শেষ হওয়ার পাশাপাশি কেন্দ্রটির প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন ও জাতীয় গ্রিডে সরবরাহের কার্যক্রমও দ্রুত গতিতে এগিয়ে চলছে। ২৩ নভেম্বর সকাল ১০টা ২০ মিনিট থেকে দ্বিতীয় দফায় জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে।
এ পর্যায়ে ১০ থেকে ২৪ ঘণ্টা পর্যন্ত ৩০০ থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ করে কারিগরি সক্ষমতা যাচাই করা হচ্ছে। এর আগে ১৭ নভেম্বর বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথমবারের মতো জাতীয় গ্রিডের সঙ্গে যুক্ত হয় রূপপুরের প্রথম ইউনিট। সেদিন টানা সাড়ে আট ঘণ্টার বেশি সময় ধরে সর্বোচ্চ ৩৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে রাত ১১টা ৫০ মিনিটে নিয়মমাফিক তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
চুক্তির শর্তানুযায়ী, রাশিয়ান ঠিকাদারি প্রতিষ্ঠানের তত্ত্বাবধানে ১০ মাসের ‘ট্রায়াল অপারেশন’ বা পরীক্ষামূলক পরিচালনা শেষে প্রথম ইউনিট থেকে পর্যায়ক্রমে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ উৎপাদন শুরু হবে। এই প্রক্রিয়া শেষে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ‘প্রভিশনাল টেকওভার’ এর মাধ্যমে প্রথম ইউনিটের দায়িত্ব বুঝে নেবে।
পরবর্তীতে সরকারি গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে অপারেটিং অরগানাইজেশন হিসেবে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। দীর্ঘ নির্মাণযজ্ঞ ও কারিগরি পরীক্ষা পেরিয়ে রূপপুর এখন পূর্ণাঙ্গ উৎপাদনের দ্বারপ্রান্তে।