বন্ধুত্ব, ভালোবাসা ও সাংগঠনিক বন্ধনের অনন্য স্বীকৃতি হিসেবে ‘বন্ধুত্ব ও বিশ্বস্ততা পদক’ পেলেন বিশিষ্ট সাংবাদিক, সাহিত্যিক ও সমাজকর্মী মোঃ মামুন-অর-রশিদ। তাঁর প্রতিষ্ঠিত সংগঠন ‘চিরন্তন ফ্রেন্ডস সার্কেল’ নিজেদের প্রতিষ্ঠাতাকে এই সম্মাননায় ভূষিত করে।
শুক্রবার (২৭ নভেম্বর) রাতে বরিশাল নগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত আবেগঘন অনুষ্ঠানে সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা তাঁর হাতে পদক তুলে দেন।
‘বন্ধুত্ব চিরকাল’—এই অঙ্গীকারকে ধারণ করে ২০১৩ সালে মোঃ মামুন-অর-রশিদের প্রতিষ্ঠিত চিরন্তন ফ্রেন্ডস সার্কেলের উদ্যোগে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে সদস্যরা কাটান আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির এক সুন্দর সময়।
শুক্রবার বিকেল ৩টায় বরিশালের চাঁদমারী ঘাট থেকে নৌযানে করে কাটাচামচ বিনোদন স্পটের উদ্দেশে যাত্রা শুরু করেন সংগঠনের সদস্যরা। সেখানে পৌঁছে সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী ‘অন্ধের হাঁড়ি ভাঙা’ খেলা। খেলাধুলা, হাসি-আড্ডা ও আনন্দ-উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো আয়োজন। এ মিলনমেলা সদস্যদের পারস্পরিক সম্পর্ক ও বন্ধুত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করে।
সন্ধ্যায় আয়োজন করা হয় ইসলামী সাংস্কৃতিক আড্ডা। এতে সঙ্গীত পরিবেশন করে সুফিয়ানা নাশিদ ব্যান্ড দল। তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় আড্ডাটি হয়ে ওঠে প্রাণবন্ত, সুরময় ও উপভোগ্য।
পরে নৌযানে করে বরিশাল নগরীতে ফিরে একটি অভিজাত রেস্তোরাঁয় অনুষ্ঠিত হয় দারসুল হাদিস, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোঃ নেয়ামত উল্লাহ, সাধারণ সম্পাদক এন.আই মুরাদ, সাবেক সভাপতি এএসএম আকরাম, নাজমুল হক, নিয়াজ আল মামুন, সিনিয়র সদস্য মাওলানা মোঃ মাইনুদ্দিন, মাওলানা আল আমিনসহ সংগঠনের প্রায় ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, চিরন্তন ফ্রেন্ডস সার্কেল প্রতিষ্ঠার মাধ্যমে মোঃ মামুন-অর-রশিদ দীর্ঘদিন ধরে সদস্যদের মধ্যে বন্ধুত্ব, পারস্পরিক আস্থা, ভালোবাসা ও সাংগঠনিক ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাঁর সেই নিরলস অবদান ও আন্তরিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ এই সম্মাননা প্রদান করা হয়েছে। নিজেদের প্রতিষ্ঠাতাকে তাঁরই হাতে গড়ে তোলা সংগঠনের পক্ষ থেকে সম্মানিত করতে পেরে সদস্যরা গর্বিত ও আনন্দিত।
সম্মাননা গ্রহণ করে আবেগাপ্লুত মোঃ মামুন-অর-রশিদ সংগঠনের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি সংগঠন প্রতিষ্ঠা করা যতটা গুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হলো সংগঠনের সদস্যদের মধ্যে ভালোবাসা, আস্থা, ঐক্য ও আন্তরিকতা ধরে রাখা। চিরন্তন ফ্রেন্ডস সার্কেল তাঁর কাছে নিছক একটি সংগঠন নয়; এটি ভালোবাসা, স্মৃতি, আন্তরিকতা ও পারস্পরিক নির্ভরতার এক আপন পরিবার। এই সম্মাননা তাঁর জীবনে বিশেষ আবেগ, ভালোবাসা ও অনুপ্রেরণার স্মারক হয়ে থাকবে।
উল্লেখ্য, মোঃ মামুন-অর-রশিদ জাতীয় দৈনিক বর্তমান-এর বরিশাল ব্যুরো চিফ, বরিশাল বাণীর প্রকাশক ও সম্পাদক এবং দৈনিক দক্ষিণাঞ্চলের বিশেষ প্রতিনিধি। তিনি জাতীয় সাংবাদিক সংস্থার বরিশাল জেলা সভাপতি, অনলাইন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও জেলা সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক হিসেবে সাংবাদিকদের পেশাগত অধিকার, ঐক্য ও কল্যাণে কাজ করে যাচ্ছেন।
১৯৮৪ সালে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার বাদলপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন মোঃ মামুন-অর-রশিদ। ২০০৬ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর বেসরকারি চাকরির পাশাপাশি সাহিত্যচর্চা ও সাংবাদিকতায় নিজেকে সম্পৃক্ত করেন।
লেখালেখি ও সৃজনশীল কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়েও অর্জন করেছেন একাধিক পদক ও সম্মাননা।
‘বন্ধুত্ব চিরকাল’ স্লোগানকে ধারণ করে প্রতিষ্ঠিত চিরন্তন ফ্রেন্ডস সার্কেল দীর্ঘদিন ধরে বন্ধুত্ব, সৌহার্দ্য, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন অটুট রাখতে কাজ করে যাচ্ছে। প্রতিষ্ঠাতার প্রতি সংগঠনের এই সম্মাননা যেন সেই বন্ধুত্বেরই এক উজ্জ্বল প্রতিফলন।