বিভিন্ন ঘটনায় দায়িত্ব পালন করতে গিয়ে আহত পুলিশ সদস্যদের সাহসিকতা ও কর্তব্যনিষ্ঠার স্বীকৃতি হিসেবে পুলিশ পদকসহ বিভিন্ন পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে অনেক পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছেন। তাঁদের মধ্যে কারও দীর্ঘমেয়াদি, আবার কারও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন রয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আহত পুলিশ সদস্যদের কারও মাথায় আঘাত লেগেছে, আবার কারও হাড় ভেঙে গেছে। ইতোমধ্যে অনেকে চিকিৎসা নিয়েছেন। তবে বেশ কয়েকজনকে আরও দীর্ঘ সময় চিকিৎসার মধ্যে থাকতে হবে। তাঁদের কারও কারও জন্য বিশেষায়িত চিকিৎসার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা চাকরিতে যোগ দেওয়ার আগেই মানসিকভাবে প্রস্তুত থাকেন। নিয়োগের সময় তারা শপথ নেন, প্রয়োজনে প্রাণের বিনিময়ে হলেও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করবেন এবং আইনশৃঙ্খলা রক্ষা করবেন।’
সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বর্তমানে শৃঙ্খলার মধ্যে ফিরে এসেছে এবং জনআস্থা অর্জন করেছে। সব ধরনের পরিস্থিতি তারা অত্যন্ত ধৈর্যের সঙ্গে মোকাবিলা করেছে। শ্রমিক অসন্তোষের সময় পুলিশ সদস্যরা নিজেরা গুরুতর আহত হলেও কোনো শ্রমিকের গায়ে হাত তোলেননি। এতে কোনো শ্রমিক আহত বা হতাহত হননি। এ ভূমিকা দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে।
দেশে নতুন করে অস্থিরতা তৈরির আশঙ্কা এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ। তারা সব সময় প্রস্তুত রয়েছে। অস্থিরতা সৃষ্টির সম্ভাবনাকে বিবেচনায় রেখেই পুলিশসহ অন্যান্য বাহিনী দায়িত্ব পালন করছে।
সাম্প্রতিক জ্বালাও-পোড়াও এবং নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক পরিচয়ধারী কিছু ব্যক্তি শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়ানোর চেষ্টা করছেন। কিন্তু তাঁদের সেই চেষ্টা সফল হবে না।
তিনি আরও বলেন, ‘সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা দেওয়া হচ্ছে। দেশের দুয়েকটি জায়গায় ইউনিয়ন পর্যায়ে মশাল মিছিল হয়েছে বলে শুনেছি ও দেখেছি। এগুলো বিচ্ছিন্ন ঘটনা।’
সীমান্ত এলাকায় অপতৎপরতা এবং বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অবস্থান নিয়ে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তের ওপারে কে কী করছে, সে বিষয়ে তাঁরা জানেন না। তবে বাংলাদেশের ভেতরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না।
বাংলাদেশ দখল নিয়ে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারীর বক্তব্যের বিষয়ে সরকারের অবস্থান জানতে চাইলে সালাহউদ্দিন আহমদ বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে। আর কারও বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, কারও কথা বলা প্রাসঙ্গিকতাহীন, অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক কথাবার্তার জবাব দেব না।