মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে জেলা শহরের ডিসি ব্রিজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরাস্তা এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিলে উপস্থিত ছিলেন মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া, জেলা বিএনপির সদস্য নজরুল ইসলাম লিটু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান মুরাদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহাদাত হাওলাদার, সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ, যুবদল নেতা হাকিম বেপারী ও জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মুনমুন আক্তারসহ বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
উল্লেখ্য, আগামী ২৯ ও ৩০ নভেম্বর দেশব্যাপী লকডাউনের ডাক দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘোষণাকে কেন্দ্র করে মাদারীপুর জেলার বিভিন্ন স্থানে দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে মশাল মিছিল ও নাশকতার অভিযোগ উঠেছে। সম্প্রতি কালকিনিতে আওয়ামী লীগের মিছিল প্রতিরোধকে কেন্দ্র করে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।