আগামী ২ ডিসেম্বর এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্য (রেফার্ড) শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার প্রস্তুতির কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, গোপালগঞ্জে পরীক্ষা নেওয়া নিয়ে তিনি দুশ্চিন্তায় দিন পার করছেন। প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে উল্লেখ করে তিনি বলেন, তারপরও তাঁরা পরীক্ষা নেওয়ার উদ্যোগ নিয়েছেন।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলনে’ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, এক বা দুটি বিষয়ে অকৃতকার্য হওয়ার কারণে শিক্ষার্থীরা যেন বছরের পর বছর বসে না থাকে এবং মাদক বা মোবাইলে আসক্ত হয়ে না পড়ে, সে জন্যই রেফার্ড পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ইতোমধ্যে পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের ভর্তির ব্যবস্থাও করা হয়েছে বলে জানান তিনি।
শিক্ষাব্যবস্থার নানা অসংগতি তুলে ধরে ড. মিলন বলেন, অতীতে পরিকল্পনা ছাড়াই দেশের বিভিন্ন স্থানে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে; কোথাও প্রয়োজন ছাড়াই প্রতিষ্ঠান হয়েছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও হয়নি। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অনেক কলেজ ও বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীর ভারসাম্যহীনতার কথা উল্লেখ করে তিনি জানান, কোথাও একজন শিক্ষক ও তিনজন শিক্ষার্থী রয়েছে, আবার কোথাও অনার্স খোলা হলেও শিক্ষক বা শিক্ষার্থীর সংকট রয়েছে।
পরীক্ষার খাতা মূল্যায়নের মান নিয়ে প্রশ্ন তুলে শিক্ষামন্ত্রী বলেন, এসএসসি পরীক্ষার খাতা পুনর্নিরীক্ষণে ৪২ হাজার খাতার গ্রেড পরিবর্তন হয়েছে এবং এইচএসসি ফলেও উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এ বিষয়ে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
অধ্যক্ষদের উদ্দেশে তিনি বলেন, শিক্ষার্থী কম হলেও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে এবং বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট তৈরি হতে দেওয়া হবে না। পাশাপাশি সরকারি ও এমপিওভুক্ত শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না নেমে আলোচনার মাধ্যমে যৌক্তিক দাবি উপস্থাপনের আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষকদের যৌক্তিক দাবিগুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে।