মাদারীপুর শহরের কলেজ গেট এলাকায় হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল ও রাধুনী রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এ সময় হোটেলের সামনে পার্কিংয়ে রাখা অতিথির একটি গাড়ির সামনের গ্লাসও ভাঙচুর করা হয়। রোববার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে ১০ থেকে ১৫ জনের একটি দল এ হামলা চালায়।
হোটেলটি মাদারীপুর-ঢাকা মহাসড়কের পাশে অবস্থিত এবং এর মালিক হাফিজুর রহমান খান। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হঠাৎ একদল দুর্বৃত্ত হোটেল সার্বিক ইন্টারন্যাশনাল ও রাধুনী রেস্টুরেন্টে হামলা চালিয়ে সামনের অংশসহ বিভিন্ন আসবাবপত্র ও মালামাল ভাঙচুর করে।
একপর্যায়ে হামলাকারীরা সঙ্গে নিয়ে আসা ৪ থেকে ৫টি ককটেল নিক্ষেপ করে। এতে হোটেল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পার্কিংয়ে রাখা অতিথির একটি গাড়ির সামনের গ্লাস ভেঙে দেওয়া হয়।
খবর পেয়ে মাদারীপুর সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে হামলার কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং এ ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।