বগুড়ায় তিনজন নারী মাদক কারবারি, চুরি-মাদক মামলায় দুইজন ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মহাসড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি করে পাওয়া গেছে মাদকদ্রব্য ফেয়ারডিল। গ্রেপ্তার ৬ জনকে থানা হেফাজতে নেওয়ার পর আদালতে সোপর্দ করেছে পুলিশ।
রোববার (২৯ নভেম্বর) এ তথ্য জানিয়েছেন এসআরবি-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার ফিরোজ আহমেদ এটিসি। শনিবার শাজাহানপুর উপজেলার বগুড়া-নাটোর মহাসড়কে মাদকবিরোধী চেকপোস্ট বসানো হয়। সিএনজি তল্লাশি চালিয়ে ৯৯ বোতল ফেয়ারডিল উদ্ধার ও দুই নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বগুড়া সদর উপজেলার গোদারপাড়া, শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়া, গাজীপুরের কালিয়াকৈর মৌচাক ও সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ এলাকায় অভিযান চালিয়েছে এসআরবি। গ্রেপ্তার চারজনকে নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়। অপরাধ প্রবণতা ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তারে নিয়মিত অভিযান চলমান রয়েছে।
তিন নারী মাদক কারবারি হলেন- শিবগঞ্জ উপজেলার টেপাগাড়ী মধ্যপাড়ার সাথী আক্তার (৪০), শাজাহানপুর উপজেলার নয়মাইল মন্ডলপাড়ার খাদিজা বেগম (৪০)। তাদের বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এছাড়া সুমি আক্তার (৩৫) শিবগঞ্জ উপজেলার বিহার উত্তরপাড়ার বাসিন্দা। ২০২৪ সালের একটি মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।
সিরাজগঞ্জ থেকে গ্রেপ্তার রতন ফকির (৩০) মাদক মামলার আসামি। তার বিরুদ্ধে ২০১৯ সালে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়। তিনি নিশিন্দারা উত্তরপাড়ার আব্দুল ফকিরের ছেলে। মাদক মামলায় তাকে ২ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ৫ হাজার টাকা অর্থদন্ড ও অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত। গ্রেপ্তার খোকন শেখ (৪৮) সোনাতলা থানার চুরি মামলার আসামি। তিনি গাজীপুরের কালিয়াকৈর দক্ষিণ তান্নারা মহল্লার আব্দুর শুকুর আলীর ছেলে। মাদক কারবারি সিদ্দিকুর রহমান (২৫) বগুড়া সদর উপজেলার গোদারপাড়া মহল্লার তারা সরদারের ছেলে। তার বিরুদ্ধে ২০১৯ সালে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়।