পতিত ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির ষড়যন্ত্র এবং অবৈধ লকডাউন কর্মসূচি প্রতিহত করার লক্ষ্যে নাটোরের গুরুদাসপুর উপজেলায় অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
রোববার (২৯ নভেম্বর) নাটোর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার আবু হেনা মোস্তফা কামাল রঞ্জুর নির্দেশনায় স্থানীয় নেতা-কর্মীরা এ কর্মসূচি পালন করেন।
কর্মসূচি চলাকালে নেতা-কর্মীরা অবৈধ লকডাউনের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং জনজীবন স্বাভাবিক রাখতে রাজপথে সতর্ক অবস্থানে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ সময় বক্তারা বলেন, কোনো ধরনের ষড়যন্ত্র, বিশৃঙ্খলা কিংবা জনজীবনে বিঘ্ন সৃষ্টির সুযোগ দেওয়া হবে না। গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ রয়েছেন।
কর্মসূচিতে গুরুদাসপুর উপজেলার বিভিন্ন পর্যায়ের বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি শেষ হয়।