ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ঐক্যের সরকার গঠনের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন দেশটির মধ্য-ডানপন্থী ‘ইয়াশার’ দলের নেতা গাদি আইজেনকট। রোববার (২৯ নভেম্বর) তেল আবিবে নেতানিয়াহুর সঙ্গে দুই ঘণ্টাব্যাপী বৈঠকের পর তাঁকে ছাড়াই সরকার গঠনের ইঙ্গিত দিয়েছেন সাবেক এ সেনাপ্রধান।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নেতানিয়াহুর সঙ্গে জোট বাঁধার পরিবর্তে বরং তাঁকে ক্ষমতাচ্যুত করতে চাওয়া দলগুলোর সঙ্গে মিলে শাসক জোট গঠনের সম্ভাবনাই বেশি আইজেনকটের।
গত ২৭ অক্টোবরের অমীমাংসিত নির্বাচনের পর চলতি মাসে দুই নেতার মধ্যে এটি ছিল দ্বিতীয় বৈঠক; যদিও প্রথম বৈঠকটিকে আইজেনকটের জন্য নিরাপত্তা ব্রিফিং হিসেবে বর্ণনা করা হয়েছিল। ওই নির্বাচনে কোনো পক্ষেরই এককভাবে সরকার গঠনের স্পষ্ট পথ তৈরি হয়নি।
বৈঠকের বিস্তারিত না জানিয়ে নেতানিয়াহু ও আইজেনকট এক যৌথ বিবৃতিতে বলেন, আলোচনাটি ছিল আনুষ্ঠানিক এবং উভয় পক্ষই তাঁদের মধ্যকার উল্লেখযোগ্য মতপার্থক্য দূর করার চেষ্টা করেছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১২ জানিয়েছে, দুই নেতার মধ্যে ভবিষ্যতে আর কোনো বৈঠকের পরিকল্পনা নেই। আইজেনকটের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানায়, তিনি নেতানিয়াহুকে বলেছেন, ‘আমি জোটের শরিকদের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। সরকার গঠনের পর আপনি চাইলে যোগ দিতে পারেন।’ আইজেনকটের একজন মুখপাত্র এ প্রতিবেদনের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে শনিবার নেতানিয়াহু বলেছিলেন, আইজেনকটের নেতৃত্বাধীন ঐক্যের সরকারে তিনি সাময়িকভাবে ক্ষমতা ছাড়তে প্রস্তুত। লিকুদ পার্টি ও ইয়াশার দলের মধ্যে যেকোনো চুক্তির আওতায় পর্যায়ক্রমিক ক্ষমতা ভাগাভাগির ব্যবস্থায় দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।
নির্বাচনের পর ইসরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের চেষ্টা করার জন্য আইজেনকটকে দায়িত্ব দিয়েছেন। এ জন্য তাঁর হাতে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে; তবে প্রয়োজনে এ সময়সীমা আরও ১৪ দিন বাড়ানো যাবে।
গত সপ্তাহে আইজেনকট বামপন্থী ডেমোক্র্যাটস ও ডানপন্থী ইসরায়েল বেইতেনু দলের সঙ্গে জোটগত চুক্তি সই করেন। এতে ১২০ আসনের পার্লামেন্ট নেসেটে তাঁর জোটের আসনসংখ্যা দাঁড়িয়েছে ৪৮টিতে, যা সংখ্যাগরিষ্ঠতার চেয়ে কম। অন্যদিকে নেতানিয়াহুর লিকুদ ও তার মিত্র অতি-ডানপন্থী ও অতি-রক্ষণশীল দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন।
নেতানিয়াহু ও আইজেনকট একমত হতে না পারলে অতি-রক্ষণশীল ইহুদি ও আরব দলগুলোর সমর্থন নিয়ে আইজেনকট জোট সরকার গঠন করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।
রোববারের বৈঠকের পর ডেমোক্র্যাটস দলের প্রধান ইয়াইর গোলান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বলেন, ইসরায়েলের জনগণ আইজেনকটের পেছনে রয়েছে এবং এখন এমন একটি সরকার গঠনের সময় এসেছে, যা প্রকৃত পরিবর্তন আনবে।