রাজধানীর যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিস্ফোরকদ্রব্য আইনে করা মামলায় জামিন পাননি ভারতের কলকাতায় খুন হওয়া ঝিনাইদহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন। আদালত তাঁর জামিন আবেদন নাকচ করায় আপাতত কারাগারেই থাকতে হচ্ছে তাঁকে।
রোববার (২৯ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাবিবুল্লাহ পিয়াস শুনানি শেষে ডরিনের জামিন আবেদন নামঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মুহাম্মদ শামসুদ্দোহা সুমন।
এর আগে একই মামলায় গত ২৬ নভেম্বর ডরিনের তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। ওই দিন মামলার তদন্ত কর্মকর্তা তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ডের আদেশ দেন। রিমান্ড শেষে তাঁর পক্ষে জামিন আবেদন করা হলে রোববার তা খারিজ করে দেওয়া হয়।
মামলার নথি অনুযায়ী, গত ৯ নভেম্বর রাত সোয়া ১১টার দিকে রাজধানীর যাত্রাবাড়ী-ডেমরা সড়কের কাজলা টোল প্লাজার সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর ঘটনাস্থল থেকে লাল টেপে মোড়ানো কৌটার পোড়া অংশ, টিনের টুকরা, তারকাঁটা ও কাচের টুকরাসহ বিভিন্ন আলামত উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় বিস্ফোরকদ্রব্য আইনে মামলা করা হয়।
পুলিশের অভিযোগ, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো এবং নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ওই বিস্ফোরণ ঘটানো হয়েছিল। মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ডরিনকে সন্দেহভাজন হিসেবে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।
গত ২৬ নভেম্বর রাত আড়াইটার দিকে রাজধানীর লালমাটিয়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। পরে বিস্ফোরণের ঘটনায় তাঁর সংশ্লিষ্টতা যাচাই এবং মামলার তদন্তের স্বার্থে জিজ্ঞাসাবাদের আবেদন জানানো হয়।
তদন্তসংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ভাষ্য, বিস্ফোরণের ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত করা, ককটেল কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল এবং এর পেছনে কারা রয়েছেন, তা জানতে ডরিনকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এসব তথ্য উদ্ঘাটনের উদ্দেশ্যেই তাঁকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল তদন্ত সংস্থা।