বগুড়ার আদমদীঘির সান্তাহার পৌর বিএনপির সদস্য রাজিব খান রানাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মাদক ব্যবসা, মাদক সেবন, চাঁদাবাজি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মে জড়িত থাকার অভিযোগে দলের জরুরি সিদ্ধান্তে তাঁর বিরুদ্ধে এ সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়।
রোববার (২৯ নভেম্বর) সান্তাহার পৌর বিএনপির পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৮ নভেম্বর বেলা আনুমানিক ১১টার দিকে সান্তাহার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড তাঁতী দলের সভাপতি হেলাল প্রামাণিককে ডেকে নিয়ে লোহার রড দিয়ে আঘাত করে গুরুতর আহত করার অভিযোগ ওঠে রাজিব খান রানার বিরুদ্ধে। একই ঘটনায় হেলাল প্রামাণিকের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগও করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, রাজিব খান রানা বিভিন্ন অপকর্মে জড়িত থেকে দলের নাম ব্যবহার করে সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে সান্তাহার পৌর বিএনপির নির্বাহী কমিটির জরুরি সিদ্ধান্ত অনুযায়ী তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার এবং দলের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
সান্তাহার পৌর বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু এবং সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিদারুল আলম জুয়েল ও মামুনুর রশীদের স্বাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে বহিষ্কারের সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়।
এ বিষয়ে বক্তব্য জানতে রাজিব খান রানার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। ফলে এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।