বিপ্লব দাস
বোয়ালখালীতে রিকশাচালককে এলোপাথাড়ি কুপিয়ে রিক্সা ছিনতাই চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় দিনদুপুরে এক রিকশা চালককে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার ব্যাটারিচালিত রিকশা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে।বৃহস্পতিবার (৪ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার কধুরখীল জলিল আম্বিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।গুরুতর আহত রিকশাচালক আবদুল নবী (৫০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী মুন্সি পাড়ার বাসিন্দা। স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন।জরুরি বিভাগের চিকিৎসক ডা. আয়েশা জানান, দুপুর পৌনে ২টার দিকে গুরুতর আহত অবস্থায় আবদুল নবীকে হাসপাতালে আনা হয়। তাঁর শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।আহত আবদুল নবীর ভাষ্য, এক ব্যক্তি উপজেলা সদর থেকে কধুরখীল লালার দিঘির পাড়ে যাওয়ার কথা বলে তার রিকশা ভাড়া করেন। কধুরখীল খোকার দোকান এলাকা অতিক্রম করার পর ওই ব্যক্তি পেছন থেকে ধারালো ধামা দিয়ে তাকে এলোপাতাড়ি কোপাতে শুরু করে। একপর্যায়ে তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে দুর্বৃত্তটি তাঁর রিকশা নিয়ে পালিয়ে যায়।স্থানীয় পথচারীরা জানান, রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে তারা আবদুল নবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”