সার্চটুডে

কাকচিড়ায় নদী ও ফসলি জমি গিলে খাচ্ছে মাটিকাটা সিন্ডিকেট

একদিকে ভাঙনকবলিত বরগুনাকে রক্ষা করতে সরকার ও সংসদীয় চিফ হুইপের জোর হস্তক্ষেপে বিষখালী নদী তীরবর্তী এলাকায় কোটি কোটি টাকার প্রতিরক্ষা বাঁধ ও উন্নয়ন প্রকল্প চলছে, অন্যদিকে ঠিক বিপরীত চিত্র দেখা যাচ্ছে পাথরঘাটার কাকচিড়া এলাকায়। বাইনচটকি ফেরিঘাট থেকে কাকচিড়া পর্যন্ত বিষখালী নদী তীরবর্তী এলাকা ও তীরসংলগ্ন উর্বর ফসলি জমি থেকে অসাধু চক্র দিনের পর দিন অবৈধভাবে মাটি কেটে সাবাড় করছে।স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে উত্তোলিত এসব মাটির প্রধান গন্তব্য অঞ্চলের বিভিন্ন ইটভাটা। বিশেষ করে বরগুনার সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা শাহাদত হোসেনের মালিকানাধীন একাধিক ইটভাটায় এই মাটি ব্যবহারের মারাত্মক অভিযোগ উঠেছে।নদীপাড়ের বাসিন্দারা জানান, ড্রেজার ও এস্কাভেটর (ভেকু) দিয়ে অবাধে মাটি কেটে ট্রলার ও ট্রাকযোগে ইটভাটায় পৌঁছে দেওয়া হচ্ছে। এর প্রতিবাদ করতে গেলে স্থানীয় প্রভাবশালীরা গ্রামবাসীদের নানাভাবে ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে। ফলে চোখের সামনে নিজের কৃষিজমি ও নদীর পাড় বিলীন হতে দেখলেও সাধারণ মানুষ মুখ খুলতে সাহস পাচ্ছেন না।কৃষি বিশেষজ্ঞদের মতে, এভাবে অনিয়ন্ত্রিতভাবে ফসলি জমির উপরের অংশ (টপসয়েল) ও নদী তীরবর্তী মাটি কেটে নেওয়ার ফলে একদিকে জমির উর্বরতা চিরতরে নষ্ট হচ্ছে, অন্যদিকে বিষখালী নদীর স্বাভাবিক প্রবাহ ক্ষতিগ্রস্ত হয়ে এলাকা নতুন করে নদীভাঙনের কবলে পড়ছে। এতে স্থানীয় কৃষক ও মৎস্যজীবীদের জীবিকা গুরুতর সংকটে পড়েছে।সামাজিক মাধ্যমে প্রকাশিত সচিত্র প্রতিবেদনে কাকচিড়ার এই চিত্র সামনে আসায় এলাকায় চরম ক্ষোভ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নদীভাঙন রোধে একদিকে যখন সরকারের বিশাল অঙ্কের প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, তখন অন্যপ্রান্তে এভাবে নদী ও জমি ধ্বংসের ঘটনাকে সরকারের উন্নয়ন উদ্যোগের ওপর বড় আঘাত হিসেবে দেখছেন স্থানীয় সচেতন মহল।উপকূলবাসী ও ভুক্তভোগীরা অবিলম্বে বিষখালী নদীর এ অংশ থেকে অবৈধ মাটিকাটা বন্ধে প্রশাসনের সরাসরি হস্তক্ষেপ, নিরপেক্ষ তদন্ত এবং জড়িত ইটভাটা মালিক ও প্রভাবশালী সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানিয়েছেন।

কাকচিড়ায় নদী ও ফসলি জমি গিলে খাচ্ছে মাটিকাটা সিন্ডিকেট