৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারে সাময়িকভাবে সুপারিশপ্রাপ্ত হয়েও চূড়ান্ত গেজেটে নাম না থাকায় হতাশা প্রকাশ করেছেন সোহাগ মন্ডল। এর আগে ৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার (এএসপি) এবং ৪৭তম বিসিএসে সহকারী কর কমিশনার পদেও সুপারিশপ্রাপ্ত হয়েছিলেন তিনি। তবে তিনটি বিসিএসে সুপারিশ পাওয়ার পরও কোনো পদে যোগ দিতে পারেননি বলে জানিয়েছেন সোহাগ।চূড়ান্ত গেজেটে নিজের নাম না থাকার খবর পাওয়ার পর মানসিকভাবে ভেঙে পড়ার কথা জানিয়ে সোহাগ বলেন, ‘চোখ দিয়ে অঝোরে জল পড়ছিল। মনে হলো মাথায় আকাশ ভেঙে পড়ল। পরিবারের কথা আর কী বলব।’তিনি আরও বলেন, সামনে ৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ হওয়ার কথা। সেখানেও নিজের নাম থাকবে না বলে আশঙ্কা করছেন তিনি। এ কারণে বিষয়টি নিয়ে আর খোঁজ নেওয়ার চেষ্টা করবেন কি না, তা নিয়েও হতাশা প্রকাশ করেন।গণঅভ্যুত্থান-পরবর্তী রাষ্ট্রব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন সোহাগ। তিনি বলেন, ‘গণঅভ্যুত্থান-পরবর্তী বৈষম্যহীন রাষ্ট্রব্যবস্থার নজির দেখালো সরকার আরও একবার। সাধুবাদ জানাই ছেলেমেয়েদের জীবন নিয়ে খেলার জন্য। বিচার দিব কার কাছে?’শেষ পর্যন্ত বিষয়টির বিচার সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দেওয়ার কথা জানিয়ে সোহাগ বলেন, ‘উপরে ঈশ্বর আছেন। চোখের জলের হিসাব তিনি রাখেন শুনেছি। তিনি নাকি কারও পাওনা বাকি রাখেন না। অভিযোগ দিলাম তাঁর কাছে—যারা আমাদের সঙ্গে এহেন কাজ করল, তুমি তাদের বিচার করো প্রভু।’নিজের শিক্ষাগত যোগ্যতা ও বিসিএস প্রস্তুতি প্রসঙ্গে সোহাগ জানান,ঢাবি থেকে অ্যাকাউন্টিং বিষয়ে বিবিএ ও এমবিএ সম্পন্ন করার পর ব্যাংকের চাকরিতে পরপর দুইবার সুপারিশপ্রাপ্ত হলেও বিসিএসের প্রস্তুতির জন্য সেখানে যোগ দেননি।সোহাগের ভাষ্য, ‘ঈশ্বরের অশেষ কৃপায় তিনটা বিসিএসে সুপারিশপ্রাপ্ত হয়েছি। ৪৫তম বিসিএসে সহকারী পুলিশ সুপার, ৪৭তম বিসিএসে সহকারী কর কমিশনার এবং ৪৯তম বিসিএসে সাধারণ শিক্ষা।’তবে ভেরিফিকেশনকে কেন্দ্র করে চূড়ান্ত নিয়োগ থেকে বাদ পড়েছেন বলে দাবি করেন তিনি। সোহাগ বলেন, ‘ভাগ্যের কী নির্মম পরিহাস, সেই আমার তীরে এসে তরী ডুবল ভেরিফিকেশন নামক ষড়যন্ত্রের কারণে। আমার ব্যক্তিগতভাবে বা পারিবারিকভাবে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা কোনো মামলা ছিল না। কোনো কারণে আমাকে গেজেট থেকে বঞ্চিত করা হলো? রাষ্ট্রের কাছে প্রশ্ন রেখে গেলাম।’এর আগে গত বছরের ১১ নভেম্বর ৪৯তম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। ওই পরীক্ষায় সাধারণ শিক্ষা ক্যাডারের ৬৮৩টি শূন্য পদের বিপরীতে ৬৬৮ জন প্রার্থীকে সাময়িকভাবে মনোনীত করা হয়। বাকি ১৫টি পদে যোগ্য প্রার্থী না পাওয়ায় কাউকে সুপারিশ করা সম্ভব হয়নি বলে কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল।পরবর্তীতে প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক আনুষ্ঠানিকতা শেষে বুধবার ৫৭ জন প্রার্থীকে বাদ রেখে অবশিষ্ট ৬১১ জনের চূড়ান্ত নিয়োগ নিশ্চিত করে গেজেট প্রকাশ করা হয়। তবে বাদ পড়া প্রার্থীদের মধ্যে সোহাগ মন্ডলসহ কারও নাম গেজেটে না থাকার নির্দিষ্ট কারণ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।