সার্চটুডে

সরকারি

বোয়ালখালীতে প্রথম উপজেলা পাবলিক লাইব্রেরি লাইসিয়াম এর নির্মাণকাজ শুরু

চট্টগ্রামের বোয়ালখালীতে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে পাবলিক লাইব্রেরি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান ফারুকের নিরলস প্রচেষ্টায় ‘উপজেলা পাবলিক লাইব্রেরি—লাইসিয়াম’-এর নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণকাজ সম্পন্ন হলে অচিরেই লাইব্রেরিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। উপজেলার শিক্ষার্থী, শিশু-কিশোর, তরুণসহ সব বয়সী মানুষের মধ্যে বইপড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সুযোগ সৃষ্টি এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলা প্রশাসনের সহযোগিতায় বাস্তবায়নাধীন এ উদ্যোগকে স্থানীয়ভাবে জ্ঞানচর্চা ও মননশীলতা বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনা অনুযায়ী, লাইব্রেরিটি প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখার কথা রয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের সুবিধামতো সময়ে বই পড়া ও জ্ঞানচর্চার সুযোগ পাবেন। লাইব্রেরিকে কেন্দ্র করে বইপড়া উৎসব আয়োজনেরও পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন ইউএনও মেহেদী হাসান ফারুক। এর মাধ্যমে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে বই পড়ার আগ্রহ বাড়ানো, নিয়মিত পাঠাভ্যাস গড়ে তোলা এবং সৃজনশীল চিন্তার বিকাশ ঘটানোর উদ্যোগ নেওয়া হবে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ‘লাইসিয়াম’ ভবিষ্যতে বোয়ালখালীর জ্ঞানচর্চা, মননশীলতা ও সৃজনশীলতার একটি প্রাণবন্ত কেন্দ্রে পরিণত হবে। পাশাপাশি নতুন প্রজন্মকে বইমুখী করে একটি শিক্ষিত, সচেতন ও আলোকিত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ উদ্যোগ।

বোয়ালখালীতে প্রথম উপজেলা পাবলিক লাইব্রেরি লাইসিয়াম এর নির্মাণকাজ শুরু