পটুয়াখালীর কুয়াকাটায় শেষ হয়েছে দুই দিনব্যাপী ঐতিহ্যবাহী রাসলীলা ও রাসপূর্ণিমা উৎসব। মঙ্গলবার সকালে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় উৎসবের আনুষ্ঠানিকতা। তবে প্রতি বছর লক্ষাধিক মানুষের সমাগম ঘটলেও এবার পর্যটকের উপস্থিতি ছিল তুলনামূলক কম। এতে মেলা ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে আশানুরূপ বেচাকেনা হয়নি।গঙ্গাবরণ বা মঙ্গলঘট পূর্ণকরণের মধ্য দিয়ে সোমবার শুরু হয় রাসপূজার আনুষ্ঠানিকতা। বিকেল সাড়ে পাঁচটায় সৈকতের জিরো পয়েন্ট-সংলগ্ন সমুদ্রে তেল, সিঁদুর, ফুল, তুলসী, বেলপাতা ও ধূপ-দীপ দিয়ে পূজার্চনা শেষে মঙ্গলঘটে জল পূর্ণ করা হয়। পরে সৈকত-সংলগ্ন কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ মন্দির ও তীর্থযাত্রী সেবাশ্রমে স্থাপন করা হয় মঙ্গলঘট। এ সময় শঙ্খধ্বনি, উলুধ্বনি ও ঢাকঢোলের বাদ্যে মুখর হয়ে ওঠে সৈকত এলাকা।রাতভর চলে ধর্মীয় নৃত্য, শ্রীমদ্ভাগবত পাঠ, রাসলীলা কীর্তন ও পূজার্চনা। মঙ্গলবার ভোর পাঁচটায় সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সৈকতে গঙ্গাস্নান বা পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনের ধর্মীয় আয়োজন।প্রতি বছর রাসলীলা উৎসবকে কেন্দ্র করে কুয়াকাটায় লক্ষাধিক পর্যটক ও দর্শনার্থীর সমাগম ঘটে। তবে এবার পর্যটকের উপস্থিতি তুলনামূলক কম থাকায় সৈকতসংলগ্ন মেলা ও কুয়াকাটার স্থায়ী দোকানগুলোতে আশানুরূপ বেচাকেনা হয়নি। এতে হতাশ স্থানীয় ব্যবসায়ীরা।উৎসবে কুয়াকাটায় হাজার হাজার পুণ্যার্থীর আগমন ঘটে। তাঁদের নিরাপত্তা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মাঠে তৎপর ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দায়িত্ব পালন করেন তিন শতাধিক পুলিশসহ বিভিন্ন বাহিনীর সদস্যরা।সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, দ্বাপর যুগে রাধা-কৃষ্ণের প্রেমলীলাকে কেন্দ্র করেই রাস উৎসবের প্রচলন। সেই বিশ্বাস ও ধর্মীয় ঐতিহ্য ধারণ করে প্রায় দুই শত বছর ধরে কুয়াকাটায় উদযাপিত হয়ে আসছে এ উৎসব।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।