কুমিল্লার চান্দিনায় নিজ ঘরে ঢুকে বীনা রানী রায় (৫৮) নামে এক গৃহকর্ত্রীকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে। সোমবার রাতে উপজেলার বরকইট ইউনিয়নের বরকইট দক্ষিণপাড়া শীলবাড়িতে এ ঘটনা ঘটে।নিহত বীনা রানী রায় ওই এলাকার দিলীপ কুমার রায়ের স্ত্রী। পুলিশ জানিয়েছে, তাঁর কপাল ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। কীভাবে তাঁকে আঘাত করা হয়েছে, তা নিশ্চিত হতে তদন্ত চলছে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ৮টার দিকে বীনা রানী বাড়িতে ছিলেন। পরিবারের সদস্যদের ভাষ্য অনুযায়ী, সন্ধ্যায় পূজা-অর্চনা শেষে তিনি ঘরে বসে টেলিভিশন দেখছিলেন। এ সময় তাঁর স্বামী দিলীপ কুমার রায় বাড়ির বাইরে একটি দোকানে চা পান করতে যান।নিহতের ছেলে তাপস রায় জানান, এ সময় কয়েকজন ব্যক্তি ঘরে প্রবেশ করে তাঁর মাকে মাথায় আঘাত করতে থাকে। তাঁর চিৎকার শুনে পাশের ঘরে থাকা এক জ্যাঠা বাড়ির লোকজন নিয়ে ঘটনাস্থলে যাওয়ার আগেই হামলাকারীরা পালিয়ে যায়।পরে গুরুতর আহত বীনা রানীকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।তাপস রায় বলেন, তাঁর মাকে কারা এবং কী কারণে হত্যা করেছে, সে বিষয়ে পরিবারের পক্ষ থেকে নিশ্চিতভাবে কিছু জানা নেই। তিনি হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।এদিকে স্থানীয়ভাবে খোঁজ নিয়ে নিহতের পরিবারের সঙ্গে আশপাশের কয়েকজনের জমি নিয়ে দীর্ঘদিনের বিরোধের কথা জানতে পেরেছেন বলে জানিয়েছেন বরকইট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম। তাঁর ধারণা, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটিকে হত্যাকাণ্ডের নিশ্চিত কারণ হিসেবে উল্লেখ করেননি তিনি।চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, বীনা রানীর মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে। তাঁকে হাতুড়ি দিয়ে আঘাত করা হয়েছে, নাকি দেয়ালে মাথা ঠুকে দেওয়া হয়েছে—এ বিষয়ে তদন্ত চলছে।ওসি জানান, ঘটনার রহস্য উদ্ঘাটন এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল কাজ করছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতিও চলছে।মঙ্গলবার বীনা রানী রায়ের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা হয়নি বলে জানিয়েছে পুলিশ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।