ফরিদপুরের মধুখালীতে ধানখেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় রাখা এক অজ্ঞাতনামা যুবকের ছয়টি বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া স্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহের অংশগুলো উদ্ধার করা হয়।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বোয়ালিয়া স্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ সামনে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানখেত রয়েছে। ওই ধানখেতের পাশে একটি তালগাছের গোড়ায় মুখ বাঁধা অবস্থায় তিনটি প্লাস্টিকের বস্তি পড়ে থাকতে দেখেন স্থানীয় পথচারীরা। বস্তাগুলো নিয়ে সন্দেহ হওয়ায় তাঁরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে পুলিশকে বিষয়টি জানান।সংবাদ পেয়ে মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তাগুলোর মুখ খোলা হলে ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।পুলিশ ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহের বিচ্ছিন্ন অংশগুলো উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।মধুখালী, বোয়ালমারী ও আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, উদ্ধার করা মরদেহের অংশগুলো ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য মরদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।তিনি আরও জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে এবং কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।