বগুড়া-১ আসনের সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম বলেছেন, স্থানীয় নির্বাচনে চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কাউন্সিলর পদে যারা প্রার্থী হবেন, তারা যেন নিজেদের প্রচারণা বা প্রার্থিতা তুলে ধরতে তাঁর ছবি ব্যবহার না করেন।আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের উদ্দেশে এ অনুরোধ জানিয়েছেন বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনের জননন্দিত সংসদ সদস্য আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অনুরোধ জানান।পোস্টে সংসদ সদস্য বলেন, সামনে স্থানীয় নির্বাচন। বিশেষ করে চেয়ারম্যান, মেম্বার, মেয়র ও কাউন্সিলর পদে যারা প্রার্থী হবেন, তাঁদের প্রতি আমার অনুরোধ - নিজেদের প্রচারণা বা প্রার্থিতা তুলে ধরার জন্য আমার ছবি ব্যবহার করবেন না।স্থানীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন পদে সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে নিজেদের প্রচারণা শুরু করেছেন। এ অবস্থায় নিজের ছবি ব্যবহার না করার বিষয়ে এমপির এমন অনুরোধ সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তাঁর এই বক্তব্যের মধ্য দিয়ে স্থানীয় নির্বাচনে প্রার্থীদের প্রচারণায় নিজের অবস্থান পরিষ্কার করেছেন সংসদ সদস্য কাজী রফিকুল ইসলাম।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।