ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার তেলিপাড়া গ্রামের দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমানের সংগ্রামী জীবনের কাহিনি গণমাধ্যমে প্রকাশের পর তার পাশে দাঁড়িয়েছে ফ্রেন্ডস্ ফাউন্ডেশন ফর হিউম্যানিটি-চৌহালী, সিরাজগঞ্জ। সংগঠনটির দুই প্রবাসী সদস্যের পক্ষ থেকে তাকে ২০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।শুক্রবার (৭ আগস্ট) তেলিপাড়া গ্রামে মুখলেসুর রহমানের বাড়িতে গিয়ে এই অর্থ তুলে দেন ভোলাহাট উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুবনেতা মো. মিনহাজুল ইসলাম।৫৬ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী মুখলেসুর রহমান শৈশব থেকেই নানা প্রতিকূলতার মধ্য দিয়ে জীবনসংগ্রাম করে আসছেন। দৃষ্টিশক্তি না থাকলেও জীবিকার তাগিদে তিনি প্রতিদিন প্রায় দুই কিলোমিটার পথ হেঁটে স্থানীয় একটি কাঠকাটা মিলে কাজ করেন। তার সামান্য উপার্জনেই চলে ৭০ বছর বয়সী মা রুলি বেগমের সংসার।সম্প্রতি মুখলেসুর রহমান ও তার মায়ের মানবিক ও সংগ্রামী জীবনের গল্প গণমাধ্যমে প্রকাশিত হলে তা ব্যাপক সাড়া ফেলে। এরপর সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের পাশে দাঁড়ানোর আগ্রহ প্রকাশ করেন।আর্থিক সহায়তা পেয়ে মুখলেসুর রহমান ও তার মা রুলি বেগম সহযোগিতাকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।স্থানীয়দের ভাষ্য, দৃষ্টিপ্রতিবন্ধকতা ও নানা সীমাবদ্ধতার মধ্যেও মুখলেসুর রহমান দীর্ঘদিন ধরে কঠোর পরিশ্রম করে নিজের ও মায়ের জীবিকা নির্বাহ করে আসছেন। তার এই অদম্য সংগ্রাম সমাজের জন্য এক অনুপ্রেরণার উদাহরণ।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।