দিনাজপুর শহরে অভিযান চালিয়ে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ বিলকিস বেগম (৪০) নামে এক নারীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। উদ্ধার করা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ টাকা।মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের পরিদর্শক মো. আব্দুর রহমানের নেতৃত্বে অভিযানটি পরিচালনা করা হয়।অধিদপ্তর সূত্রে জানা যায়, শহরের টিএনটি গেট থেকে প্রায় ১০০ গজ পূর্বে পৌরসভা রোডে অভিযান চালায় অধিদপ্তরের একটি দল। এ সময় হাতে ব্যাগ নিয়ে হেঁটে যাওয়া এক নারীর গতিরোধ করে তল্লাশি করা হয়। পরে তার ব্যাগ থেকে ৮ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।আটক বিলকিস বেগম দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর গ্রামের আব্দুল মালেকের মেয়ে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে আরও জানা যায়, এর আগে মাদক মামলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ছয় মাসের সাজা ভোগ করেছেন তিনি। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ২৯(খ) অনুযায়ী দিনাজপুর কোতোয়ালি থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।