পরিবেশ সংরক্ষণ ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্মার্ট উদ্যোক্তা ফোরাম। শনিবার সকালে উপজেলার হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচি অনুষ্ঠিত হয়।সংগঠনের স্লোগান— "লক্ষ্য মোদের কর্মসংস্থান সৃষ্টি, বেকারত্বহীন সমাজ, আত্মনির্ভরশীলতা, স্বচ্ছতা ও ঐক্যবদ্ধ আমরা"—কে ধারণ করে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন সংগঠনের নেতৃবৃন্দ ও সদস্যরা।অনুষ্ঠানে দিনাজপুর জেলা এক্সিকিউটিভ রোমেনা আক্তার মনি বলেন, স্মার্ট উদ্যোক্তা ফোরাম শুধু উদ্যোক্তা তৈরিতেই কাজ করে না, বরং সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়ানো, কর্মসংস্থান সৃষ্টি, আত্মনির্ভরশীলতা গড়ে তোলা এবং পরিবেশ রক্ষায়ও নিয়মিত কাজ করে। তিনি জানান, এসব মানবিক ও সামাজিক উদ্যোগে আর্থিক সহযোগিতা দিয়ে আসছে আয়শা নুরুল আলম ফাউন্ডেশন।তিনি আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই প্রত্যেক মানুষকে অন্তত একটি করে গাছ লাগিয়ে তার পরিচর্যার দায়িত্ব নেওয়ার আহ্বান জানান তিনি।কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা সদস্য সচিব ফাতেমা খাতুন, স্থায়ী সদস্য সানজিদা চৌধুরী, সহ-আহ্বায়ক (অর্গানাইজেশন টিম) সোনিয়া ইসলাম, হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক হামিদা আক্তার ডালিম, রাকিব হাসান রিফাত, দোলা আনছারি, মনিরা মনি, শাপলা শারমিন, আইরিন খাতুনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। অনুষ্ঠান শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়ন কার্যক্রমকে আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।