নিরাপদ খাদ্য আইন, ২০১৩ সংশোধনের উদ্যোগ নিয়েছে খাদ্য মন্ত্রণালয়। প্রস্তাবিত সংশোধনীতে গুরুতর অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে সর্বোচ্চ ১০ লাখ টাকা প্রশাসনিক জরিমানা করার বিধান রাখার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আদায় করা জরিমানার ২৫ শতাংশ তাৎক্ষণিকভাবে অভিযোগকারীকে দেওয়ার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।মঙ্গলবার (২৪ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে ত্রয়োদশ জাতীয় সংসদের খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য তুলে ধরা হয়। কমিটির সভাপতি মো. আবদুস সালাম পিন্টুর সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।বৈঠকে কমিটির সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের নির্দেশ দেন। ভোক্তাদের কাছে নিরাপদ, মানসম্মত ও ভেজালমুক্ত খাদ্য পৌঁছে দিতে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেন তিনি। পাশাপাশি বিদ্যমান আইন আরও কঠোর করার এবং প্রয়োজনে মৃত্যুদণ্ডের বিধান রাখার কথাও উল্লেখ করেন।খাদ্যমন্ত্রী বলেন, ধান সংগ্রহের সময় কৃষকদের কাছ থেকে সরাসরি ধান কেনা নিশ্চিত করতে হবে। কোনো মধ্যস্বত্বভোগী যেন কৃষকদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।কমিটির সভাপতি বলেন, সরকারের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীকে স্বচ্ছতা, জবাবদিহি ও সততার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মাঠপর্যায়ে কোনো সিন্ডিকেট বা অনিয়মের অস্তিত্ব থাকলে তা কঠোরভাবে মোকাবিলা করতে হবে। কৃষক ও ভোক্তাদের অধিকার এবং ন্যায্য স্বার্থ সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।বৈঠকে জানানো হয়, দেশের খাদ্যগুদামগুলোর বর্তমান মজুদ ধারণক্ষমতা ২২ লাখ ৯৩ হাজার টন। ২০৩০ সালের মধ্যে তা বাড়িয়ে ৩০ লাখ টনে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে খাদ্য মন্ত্রণালয়। এ বিষয়ে খাদ্যগুদামগুলোর প্রকৃত অবস্থা তুলে ধরার সুপারিশ করেছে কমিটি। পুরোনো ও ব্যবহারের অনুপযোগী গুদাম সরেজমিনে পরিদর্শনের পর প্রয়োজনে সেগুলো বাতিল করে নতুন গুদাম নির্মাণের পরামর্শ দেওয়া হয়।খাদ্যগুদামে পোকামাকড়ের উপদ্রব নিয়ন্ত্রণ ও ছত্রাকের ঝুঁকি কমাতে সঠিক আর্দ্রতা বজায় রেখে খাদ্যশস্য সংগ্রহ এবং যান্ত্রিক বায়ু চলাচল ব্যবস্থা স্থাপনের বিষয়েও আলোচনা হয়। এ ছাড়া গুদাম নির্মাণে ইটের পরিবর্তে পরিবেশবান্ধব প্রি-ফেব্রিকেটেড কাঠামো ব্যবহারের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়।বৈঠকে খাদ্য মন্ত্রণালয়, খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের জনবল নিয়োগ কার্যক্রম চলমান থাকার তথ্য দেওয়া হয়। পাশাপাশি খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে বিশৃঙ্খলা এড়াতে সংশোধিত নীতিমালায় ডিলার নিয়োগের নিয়ম পরিবর্তনের কথা জানানো হয়। আগের নিয়মে প্রতি ৫০০ জন উপকারভোগীর জন্য একজন ডিলার নিয়োগের বিধান থাকলেও নতুন নিয়মে প্রতি ২৫০ জনের বিপরীতে একজন ডিলার নিয়োগের ব্যবস্থা করা হয়েছে।অন্যদিকে, তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের খাদ্য ব্যয় কমাতে গত ১৩ নভেম্বর থেকে বিশেষ ওএমএস কর্মসূচি চালু হয়েছে। এ কর্মসূচির আওতায় শ্রমিকদের প্রতি কেজি ৩০ টাকা দরে সর্বোচ্চ ১০ কেজি চাল দেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে ঢাকা মহানগরী, সাভার, ধামরাই, গাজীপুর, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় ৭৩টি ট্রাকসেলের মাধ্যমে প্রতি শুক্রবার চাল বিক্রি করা হচ্ছে।বৈঠকে কমিটির সদস্য ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী, সংসদ সদস্য আবুল কালাম, খোন্দকার আবু আশফাক, এলিজা জামান, মো. আবু তালেব মন্ডল, মো. আব্দুল করিম এবং শামছুন্নাহার বেগম উপস্থিত ছিলেন।এ ছাড়া খাদ্য মন্ত্রণালয়ের সচিব, মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার প্রধান, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।