সার্চটুডে

চীনকে যুক্ত করতে মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের

চীনের ইউনান প্রদেশের কুনমিং অঞ্চলের সঙ্গে সরাসরি যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে মিয়ানমার হয়ে নতুন একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। প্রস্তাবিত এই করিডোর বাস্তবায়িত হলে বাংলাদেশ, মিয়ানমার ও চীনের মধ্যে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি হতে পারে।বুধবার (২৫ নভেম্বর) রাজধানীতে বাংলাদেশ-চীন সম্পর্ক নিয়ে আয়োজিত ‘ঢাকা ফোরাম ২০২৬’-এর উদ্বোধনী অধিবেশনে এ সম্ভাবনার কথা তুলে ধরেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।তিনি বলেন, এশিয়ার পরিবর্তনশীল অর্থনৈতিক বাস্তবতায় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ কৌশলগতভাবে সুবিধাজনক অবস্থানে রয়েছে। প্রস্তাবিত করিডোরকে শুধু অবকাঠামোগত প্রকল্প হিসেবে না দেখে সংশ্লিষ্ট দেশগুলোর মধ্যে অর্থনৈতিক একীকরণ ও কার্যকর সহযোগিতার বৃহত্তর উদ্যোগ হিসেবে বিবেচনা করা উচিত।ইসমাইল জবিউল্লাহ বলেন, চীনের কুনমিং অঞ্চলের সঙ্গে চিকিৎসা, পর্যটন, ব্যবসা-বাণিজ্য এবং সাংস্কৃতিক ও শিক্ষাগত বিনিময় সহজ করতে যোগাযোগব্যবস্থা জোরদার করা বাংলাদেশের অন্যতম লক্ষ্য। ইতোমধ্যে একটি তেল ও গ্যাস পাইপলাইন কুনমিংকে মিয়ানমারের কিয়াকফিউয়ের সঙ্গে যুক্ত করেছে। তবে এখনো পূর্ণাঙ্গ ও বাণিজ্যিকভাবে কার্যকর সড়ক ও রেল যোগাযোগব্যবস্থা গড়ে ওঠেনি।তিনি আরও বলেন, চীনের রুইলি থেকে কক্সবাজার পর্যন্ত সরাসরি যোগাযোগের ব্যবস্থা করা গেলে করিডোরটি বেশি কার্যকর হতো। কিন্তু মিয়ানমারের রাখাইন রাজ্যের চলমান অস্থিতিশীলতা এ ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।তবে কুনমিং ও কিয়াকফিউয়ের মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপন করে তা বাংলাদেশের সামুদ্রিক যোগাযোগব্যবস্থার সঙ্গে যুক্ত করা গেলে তিন দেশের মধ্যে নতুন অর্থনৈতিক করিডোর গড়ে তোলার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন তিনি।প্রস্তাবটি বাস্তবায়নে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি নিরাপত্তা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা এবং সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনৈতিক স্বার্থ বিবেচনায় নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা। এ জন্য সম্ভাব্যতা যাচাই, প্রমাণভিত্তিক মূল্যায়ন এবং সংশ্লিষ্ট অংশীদারদের সঙ্গে আলোচনা ও গবেষণা জোরদারের আহ্বান জানান তিনি।

চীনকে যুক্ত করতে মিয়ানমার হয়ে নতুন অর্থনৈতিক করিডোরের প্রস্তাব বাংলাদেশের