যশোরের মণিরামপুর উপজেলার হরিনা গ্রামে অবস্থিত প্রত্যয় সমবায় সমিতির পরিচালক প্রশান্ত বিশ্বাস (সেন্টু)-এর বিরুদ্ধে গ্রাহকদের আমানতের বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সমিতির শতাধিক সদস্য ও আমানতকারীদের মধ্যে চরম উদ্বেগ, উৎকণ্ঠা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।[TECHTARANGA-POST:2159]স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় থেকে সাত বছর ধরে প্রত্যয় সমবায় সমিতি এলাকায় সঞ্চয় গ্রহণ ও ঋণ প্রদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। অভিযোগ রয়েছে, সমিতির পরিচালক প্রশান্ত বিশ্বাস (সেন্টু) অধিক মুনাফার প্রলোভন দেখিয়ে বিভিন্ন মেয়াদি ডিপিএস, সঞ্চয় ও আমানত প্রকল্পে বিপুল সংখ্যক গ্রাহকের কাছ থেকে অর্থ সংগ্রহ করেছেন।ভুক্তভোগীদের দাবি, গত ২ জুলাই চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে প্রশান্ত বিশ্বাস বাড়ি থেকে বের হন। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন। তার ব্যবহৃত মোবাইল ফোনও বন্ধ পাওয়া যাচ্ছে[TECHTARANGA-POST:2177]এতে গ্রাহকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা নিজেদের আমানতের অর্থ ফেরত পাওয়া নিয়ে শঙ্কায় পড়েন।মঙ্গলবার (৭ জুলাই) সকালে সমিতির অসংখ্য সদস্য হরিনা গ্রামে সমিতি কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় তারা তাদের কষ্টার্জিত আমানতের অর্থ দ্রুত ফেরতের দাবি জানান। কয়েকজন সদস্য আবেগাপ্লুত হয়ে কান্নায় ভেঙে পড়েন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, টাকা ফেরত না পাওয়ার আশঙ্কায় এক নারী সদস্য ঘটনাস্থলে অসুস্থ হয়ে পড়েন।এ বিষয়ে অভিযুক্ত প্রশান্ত বিশ্বাসের বাবা বলেন, “প্রশান্ত ২ জুলাই চিকিৎসকের কাছে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছিল। এরপর থেকে তার সঙ্গে আমাদের আর কোনো যোগাযোগ হয়নি। সে কোথায় আছে, সে বিষয়ে আমরা কিছুই জানি না।”সার্চটুডে পরিবারের সদস্য হতে যোগাযোগ করুন।ভুক্তভোগীদের অভিযোগ, জীবনের সঞ্চিত অর্থ সমিতিতে জমা রেখে তারা এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তারা প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে আমানতের অর্থ উদ্ধার এবং ক্ষতিগ্রস্ত সদস্যদের টাকা ফেরত দেওয়ার দাবি জানিয়েছেন।তবে অভিযোগের বিষয়ে জানতে প্রশান্ত বিশ্বাসের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি এবং তার কোনো ধরনের বক্তব্য পাওয়া যায়নি।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।