সার্চটুডে

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ

হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী ব্যক্তিমালিকানাধীন একটি গাড়ি ফেরত না দেওয়ার অভিযোগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার ও গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) আটজনকে আদালত অবমাননার নোটিশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রিট আবেদনকারী শাহ কামাল রাসেলের পক্ষে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী এস এম জুলফিকার আলী জুনু এ নোটিশ পাঠান। শুক্রবার (২৭ নভেম্বর) রিট আবেদনকারী আইনজীবী বিষয়টি নিশ্চিত করেছেন। নোটিশে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরকে বিশেষভাবে হাইকোর্টের আদেশ কার্যকর করার আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি গাড়িটি আটকে রাখার সুনির্দিষ্ট আইনগত ভিত্তি ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে। নোটিশের তথ্য অনুযায়ী, গত ১৬ নভেম্বর বিকেলে শাহ কামাল রাসেলের মালিকানাধীন ২০২১ মডেলের টয়োটা হার্ড জিপটি জোরপূর্বক নিয়ে গুলশান থানায় আটকে রাখা হয় বলে অভিযোগ করা হয়েছে। গাড়িটির নিবন্ধন নম্বর ঢাকা মেট্রো-ঘ-১৬-০০৮৬। গত ২৯ অক্টোবরের ২৪৮৪ নম্বর সাধারণ ডায়েরির (জিডি) সূত্র ধরে গাড়িটি আটক করা হয়েছে বলে নোটিশে উল্লেখ রয়েছে। এ ঘটনায় গাড়ির মালিক সংবিধানের ১০২ অনুচ্ছেদের অধীনে হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের নম্বর ১৬৮৯৯/২০২৬। ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি ফেরতের নির্দেশ হাইকোর্টের নোটিশে বলা হয়েছে, গত ২২ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গাড়িটি আটকে রাখার বৈধতা নিয়ে রুল জারি করেন। একই সঙ্গে অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা নিয়ে আদালতের আটকাদেশ না থাকলে হাইকোর্টের আদেশ পাওয়ার ২৪ ঘণ্টার মধ্যে সেটি মালিকের কাছে ফিরিয়ে দিতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেওয়া হয়। গত ২৫ নভেম্বর আদালতের আদেশের সত্যায়িত অনুলিপি প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে। কিন্তু রিট আবেদনকারীর অভিযোগ, এখনো গাড়িটি ফেরত দেওয়া হয়নি। কোন আইনে গাড়ি আটক, জানতে চেয়ে নোটিশ গাড়িটি আটকে রাখার আইনগত ভিত্তি জানতে নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিভিন্ন তথ্য ও নথিপত্র চাওয়া হয়েছে। কোন আদালতের আদেশে এবং কোন মামলার পরিপ্রেক্ষিতে গাড়িটি আটক রাখা হয়েছে, তা বিস্তারিত জানাতে বলা হয়েছে। এ ছাড়া কোন আইনের নির্দিষ্ট ধারা, উপধারা কিংবা বিধি অনুসারে গাড়িটি আটক রয়েছে, সেটিও জানতে চাওয়া হয়েছে। অন্য কোনো ফৌজদারি মামলায় গাড়িটির সংশ্লিষ্টতা থাকলে সে বিষয়ে পূর্ণাঙ্গ তথ্য দেওয়ার দাবি জানানো হয়েছে। নোটিশে সংশ্লিষ্ট এজাহার, জব্দ তালিকা এবং আদালতের আদেশের অনুলিপিও চাওয়া হয়েছে। হাইকোর্টের নির্দেশ বাস্তবায়ন না করার কারণ কী এবং ওই আদেশের বিরুদ্ধে কোনো স্থগিতাদেশ রয়েছে কি না, সে বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিতে বলা হয়েছে। পাশাপাশি গাড়ি আটকের সঙ্গে সংশ্লিষ্ট থানার রেকর্ড, সিসিটিভি ফুটেজ, সাধারণ ডায়েরি ও দাপ্তরিক যোগাযোগের নথিপত্র সংরক্ষণের দাবি জানানো হয়েছে। নোটিশে বলা হয়েছে, আদালতের নির্দেশিত সময়ের মধ্যে আইনসংগত কারণ ছাড়া গাড়িটি ফেরত দেওয়া না হলে গুলশান থানার ওসি আবু জায়েদ মো. নাজমুন নূরসহ দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে হাইকোর্টে আদালত অবমাননার কার্যক্রম শুরু করা হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তাদের ব্যক্তিগতভাবে আদালতে হাজির করা, হাইকোর্টের আদেশ বাস্তবায়ন এবং আইন অনুযায়ী শাস্তির নির্দেশনা চাওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়েছে।

আইজিপিসহ ৮ জনকে আদালত অবমাননার নোটিশ