কোনো ধরনের অভিবাসন ব্যয় ছাড়াই মালয়েশিয়ায় কাজের সুযোগ পাচ্ছেন ১১২ বাংলাদেশি কর্মী। আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৭টায় তাদের নিয়ে ঢাকা ছাড়বে মালয়েশিয়াগামী প্রথম ফ্লাইট।মঙ্গলবার (২৪ নভেম্বর) সরকারি এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।প্রথম ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার আন্তর্জাতিক সরবরাহ ও পরিবহন প্রতিষ্ঠান ডিএইচএলে কাজ করতে যাচ্ছেন এসব কর্মী। তাদের বিমানভাড়াসহ যাতায়াতের সব খরচ বহন করবে নিয়োগদাতা প্রতিষ্ঠানটি। তবে প্রথম দফার পর বাকি কর্মীদের মালয়েশিয়া যাওয়ার সময়সূচি এখনও নির্ধারণ করা হয়নি।এর আগে পর্যায়ক্রমে ১০ হাজার বাংলাদেশি শ্রমিককে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ দেওয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ কর্মসূচির আওতায় বিশেষ বিবেচনায় ১ হাজার কর্মীর জন্য কোটা রাখা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন বিগত সময়ে গুম ও হত্যার শিকার পরিবারের সদস্য এবং জুলাই গণঅভ্যুত্থানে অবদান রাখা ব্যক্তিরা।মালয়েশিয়ার শ্রমবাজার পুনরুদ্ধার প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছিলেন, স্বৈরাচারী সরকারের সময়ে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেটের দৌরাত্ম্যের কারণে বিশ্বের অনেক দেশ বাংলাদেশ থেকে কর্মী নেওয়া বন্ধ করে দিয়েছিল। বর্তমান সরকার স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মী পাঠানোর মাধ্যমে সেই পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করছে।এ ছাড়া প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ করা এবং অবৈধ হুন্ডি ব্যবসা বন্ধে সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে বলেও জানান প্রধানমন্ত্রী।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।