আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিয়েছেন মুশফিকুর রহিম। আগামী ফেব্রুয়ারিতে মিরপুরে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলে অবসরে যাবেন এই অভিজ্ঞ ক্রিকেটার।মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার (২৮ নভেম্বর) দুপুরে বোর্ড সভায় বসে বিসিবির পরিচালনা পর্ষদ। সভা শেষে সংবাদ সম্মেলনে মুশফিকের অবসরের বিষয়টি জানান বিসিবি সভাপতি ও তাঁর দীর্ঘদিনের সতীর্থ তামিম ইকবাল।আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে বাংলাদেশের শেষ সিরিজ ইংল্যান্ডের বিপক্ষে। সে কারণেই বিদায়ের মঞ্চ হিসেবে এই সিরিজকে বেছে নিয়েছেন মুশফিক।২০০৫ সালের মে মাসে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেক হয়েছিল মুশফিকুর রহিমের। প্রায় দুই দশকের বেশি সময় পর একই প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট খেলে আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন তিনি।দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ম্যাচ ও সর্বোচ্চ রানের মালিক মুশফিক। ১০৮ টেস্টের ১৯৯ ইনিংসে ৩৮.৮০ গড়ে তাঁর সংগ্রহ ৭ হাজার ৬২ রান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে দেশের প্রথম ব্যাটসম্যান হিসেবে ৭ হাজার টেস্ট রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।দেশের হয়ে ২৭৪টি ওয়ানডে খেলা মুশফিক ২০২৫ সালে ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে ২০২২ সালে তিনি সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেন।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।