সার্চটুডে

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

গণতন্ত্র ও আইনের শাসন সমুন্নত রাখতে আইনজীবীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (২ নভেম্বর) দুপুরে বঙ্গভবনে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির প্রতিনিধিদলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ আহ্বান জানান। রাষ্ট্রপতির প্রেস উইংয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সমিতির সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলীর নেতৃত্বে ১৪ সদস্যের একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন।এ সময় প্রতিনিধিদলের সদস্যরা বিচার বিভাগের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বিশেষ করে সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক সংকটের কারণে সৃষ্ট মামলাজট এবং আইনজীবীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও দাবিদাওয়ার বিষয়টি রাষ্ট্রপতিকে জানান।এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার বিষয়ে প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি। এ সময় আইনজীবী সমিতির নেতারা সমিতির আসন্ন বার্ষিক ভোজ অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে আমন্ত্রণ জানান। রাষ্ট্রপতিও অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেন।সাক্ষাৎকালে নিজের রাজনৈতিক জীবনের বিভিন্ন পর্যায়ে, বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে আইনজীবীদের সহযোগিতা ও আন্তরিকতার কথা স্মরণ করেন রাষ্ট্রপতি।জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে মানবিক মূল্যবোধের বিকাশ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করা এবং গণতান্ত্রিক ব্যবস্থাকে সুসংহত করার নতুন সুযোগ তৈরি হয়েছে। এ সময় বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা সুরক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান রাষ্ট্রপতি।বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বিচার বিভাগের স্বাধীনতা প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগ ও প্রশাসনের মধ্যে কোনো দূরত্ব তৈরি হওয়া উচিত নয় বলেও উল্লেখ করেন তিনি।রাষ্ট্রপতি বলেন, আইনজীবীরা চাইলে সমাজ ও রাষ্ট্রের অনেক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। পেশাদারিত্ব ও সেবার মানসিকতা বজায় রেখে আইনের শাসন ও গণতন্ত্রের পক্ষে আপসহীন ভূমিকা পালনের জন্য তাঁদের প্রতি আহ্বান জানান তিনি।হিংসা ও প্রতিশোধের পরিবর্তে আইনের শাসনের পক্ষে বেগম খালেদা জিয়ার অবস্থানের কথা স্মরণ করে রাষ্ট্রপতি বলেন, পতিত ফ্যাসিবাদী শক্তি এখন নতুন করে চোখ রাঙাচ্ছে কিন্ত সবাই ঐক্যবদ্ধ থাকলে তা সফল হওয়ার সুযোগ নেই।

গণতন্ত্র ও আইনের শাসন রক্ষায় আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির