বান্দরবানের রুমায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ ও মোকাবেলায় কমিউনিটি পর্যায়ে পুলিশ সার্ভিস ডেস্কের সেবা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বান্দরবান পার্বত্য জেলা পুলিশের উদ্যোগে এবং ইউএনএফপিএ, বান্দরবানের সহযোগিতায় রুমা থানায় এ সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মো. ওহাবুল ইসলাম খন্দকার। বিশেষ অতিথি ছিলেন রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বিথী। এছাড়া রুমা থানার অফিসার ইনচার্জ মানস বড়ুয়া, পুলিশ সার্ভিস ডেস্কে দায়িত্বপ্রাপ্ত সদস্য, স্থানীয় সাংবাদিক, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।সভায় জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ, পুলিশ সার্ভিস ডেস্কের মাধ্যমে সেবা গ্রহণের পদ্ধতি এবং ভুক্তভোগীদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা নিয়ে আলোচনা করা হয়।পুলিশ সুপার বলেন, জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রয়োগ নয়, পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, গণমাধ্যমসহ সমাজের সর্বস্তরের মানুষের সম্মিলিত সচেতনতা ও অংশগ্রহণ প্রয়োজন। নারী ও শিশুসহ ভুক্তভোগীদের নিরাপদে ও আস্থার সঙ্গে পুলিশি সেবা নিশ্চিত করতে জেলা পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।সভা শেষে জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা বৃদ্ধি এবং ভুক্তভোগীদের প্রতি মানবিক আচরণ ও প্রয়োজনীয় আইনগত সহায়তা নিশ্চিত করতে সবার প্রতি আহ্বান জানানো হয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।