ফেনীর দাগনভূঞা উপজেলায় স্বামীকে আটকে রেখে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এজাহারনামীয় ছয় আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, দাগনভূঞা থানা এলাকায় ওই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে দাগনভূঞা থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর সংশ্লিষ্ট ধারাসহ দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়।মামলা দায়েরের পর আসামিদের গ্রেফতারে তাৎক্ষণিকভাবে অভিযান শুরু করে দাগনভূঞা থানা পুলিশ। ফেনীর পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের দিকনির্দেশনায় এবং দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের তত্ত্বাবধানে এসআই মো. মোবারক হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে।অভিযানে মামলার এজাহারনামীয় প্রধান ছয় আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।দাগনভূঞা থানার ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান জানান, মামলার ঘটনায় আরও কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনার লক্ষ্যে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে। নারী ও শিশুর নিরাপত্তা নিশ্চিত করা এবং এ ধরনের অপরাধ দমনে পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে বলেও জানান তিনি।পুলিশ জানিয়েছে, অভিযোগের বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে প্রাপ্ত তথ্য ও সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।