ফেনীর দাগনভূঞা উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সরকারি সেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীদুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শাহিদুল আলম, এসআই ওমর ফারুক, দাগনভূঞা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ইয়াসিন সুমন, সাংবাদিক মো. ইমাম হাছান কচি, উপজেলা জামায়াতের আমীর মাওলানা গাজী ছালেহ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা গিয়াসউদ্দিন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মিজানুর রহমান, বিআরটিবির চেয়ারম্যান নজির আহমেদ, বিএনপি নেতা রফিকুল ইসলাম, কামরুল উদ্দিন ও জাহানারা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুশীল সমাজের প্রতিনিধিরা।
সভায় বক্তারা উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল, গণমাধ্যম ও সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাদক, চুরি, সামাজিক অপরাধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা রক্ষা শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়; সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতার মাধ্যমেই একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তিনি উপজেলার সার্বিক উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।
সভা শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত রাখতে বিভিন্ন দিকনির্দেশনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
মতামত