কাঞ্চনজঙ্ঘা পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ। এটি ভারতের সিকিম রাজ্য ও নেপালের পূর্ব সীমান্তে অবস্থিত। এর উচ্চতা ৮,৫৮৬ মিটার বা ২৮,১৬৯ ফুট। বাংলাদেশের পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থেকে কাঞ্চনজঙ্ঘার দূরত্ব প্রায় ১৫৭ কিলোমিটার। প্রতিবছর কাঞ্চনজঙ্ঘার অপরূপ সৌন্দর্য উপভোগ করতে দূর-দূরান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে।উত্তরবঙ্গে সাধারণত অক্টোবরের মাঝামাঝি সময় বা কার্তিক মাসের শুরু থেকে শীতের আমেজ অনুভূত হতে শুরু করে। স্থানীয়দের তথ্য অনুযায়ী, শীতের মৌসুম শুরু হওয়ার আগেই পঞ্চগড়ের বিভিন্ন স্থান থেকে কাঞ্চনজঙ্ঘার দেখা মেলে। তবে শীতকালেই এর সৌন্দর্য সবচেয়ে স্পষ্টভাবে উপভোগ করা যায়। বাংলাদেশ সীমান্তের কাছাকাছি হওয়ায় তেঁতুলিয়া ডাকবাংলো, মহানন্দা নদীর তীর এবং বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য দেখা যায়। এছাড়া পার্শ্ববর্তী জেলা ঠাকুরগাঁও থেকেও কখনো কখনো এর দেখা মেলে। তবে পরিষ্কার ও মনোরম দৃশ্য উপভোগ করতে চাইলে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় যাওয়াই সবচেয়ে উপযোগী।ভোরের সময় কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য সবচেয়ে বেশি মুগ্ধ করে। সূর্যের প্রথম আলো যখন বরফ ঢাকা পাহাড়ের গায়ে পড়ে, তখন পর্বতশৃঙ্গটি সোনালি আভায় ঝলমল করে ওঠে। সাধারণত ভোর ৬ টা থেকে সকাল ৭ টার মধ্যে এমন মনোমুগ্ধকর দৃশ্য দেখা যায়। ভ্রমণপিপাসু মানুষের কাছে এটি হয়ে ওঠে অন্যতম আকর্ষণীয় মুহূর্ত। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সোনালি আভা ধীরে ধীরে মিলিয়ে যায় এবং কাঞ্চনজঙ্ঘা সাদা রূপে দেখা যায়। দিনের আলো তীব্র হলে অনেক সময় দূরত্ব ও আবহাওয়ার কারণে দৃশ্যটি অস্পষ্ট হয়ে যেতে পারে। আবার বিকেল গড়িয়ে সূর্য অস্ত যাওয়ার সময় কাঞ্চনজঙ্ঘার চূড়ায় দেখা যায় হালকা গোলাপি কিংবা রক্তিম আভা। প্রকৃতির এই পরিবর্তনশীল রূপ প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিপাসু মানুষকে মুগ্ধ করে।কাঞ্চনজঙ্ঘাকে ঘিরে পর্যটনের প্রসারের ফলে স্থানীয় মানুষের জীবনযাত্রায়ও পরিবর্তন এসেছে। পর্যটকদের চাহিদা পূরণে তেঁতুলিয়া ও আশপাশের এলাকায় গড়ে উঠেছে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও হোমস্টে। পাশাপাশি পর্যাপ্ত চা-বাগান থাকায় এ অঞ্চলের মানুষের জীবিকার সুযোগও বেড়েছে। ফলে পর্যটন স্থানীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার পাশাপাশি তেঁতুলিয়ার অন্যান্য দর্শনীয় স্থানও ঘুরে দেখা যায়। মহানন্দা নদীর তীর, বাংলাবান্ধা স্থলবন্দর, চা-বাগান এবং সীমান্তবর্তী এলাকার প্রাকৃতিক পরিবেশ পর্যটকদের আকর্ষণ করে। ভোরে কুয়াশার চাদর ভেদ করে সূর্যের আলো ছড়িয়ে পড়ার দৃশ্যও কম মনোমুগ্ধকর নয়। চা-বাগানের সবুজের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করলে ভ্রমণের আনন্দ আরও বেড়ে যায়। স্থানীয় বাজারে বিভিন্ন ধরনের চা ও আঞ্চলিক পণ্য কেনার সুযোগও রয়েছে।দক্ষিণবঙ্গের যেসব মানুষ এই শীতে কাঞ্চনজঙ্ঘা দেখার সিদ্ধান্ত নেবেন, তারা ট্রেন অথবা বাসে করে পঞ্চগড়ে যেতে পারেন। ট্রেনযাত্রা পছন্দ হলে ঢাকা থেকে পঞ্চগড়গামী ট্রেনে আসা যায়। একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস ও পঞ্চগড় এক্সপ্রেসসহ বিভিন্ন ট্রেনে পঞ্চগড়ে পৌঁছানো যায়। ট্রেনের ভাড়া আসন ও শ্রেণিভেদে ভিন্ন হয়ে থাকে। যারা বাসে আসতে চান, তারা নাবিল পরিবহন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন ও বিআরটিসি সহ বিভিন্ন পরিবহনে ঢাকা থেকে পঞ্চগড় যেতে পারেন।পঞ্চগড় ও তেঁতুলিয়ায় পর্যটকদের থাকার জন্য রয়েছে বিভিন্ন হোটেল, রিসোর্ট ও হোমস্টে। ট্রি ভ্যালি গ্রিন রিসোর্ট, মাসুদ হোমস্টে ও তেঁতুলিয়া সরকারি ডাকবাংলোতে থাকার ব্যবস্থা রয়েছে। এসব স্থান থেকে সহজেই আশপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। এছাড়া পঞ্চগড় শহরে এবি স্কয়ার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হোটেল মৌচাক ও সেন্ট্রাল গেস্ট হাউসেও থাকার ব্যবস্থা রয়েছে।তবে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাওয়ার আগে আবহাওয়ার পূর্বাভাস জেনে নেওয়া ভালো। আকাশ মেঘলা বা কুয়াশাচ্ছন্ন থাকলে পর্বতশৃঙ্গটি স্পষ্ট দেখা নাও যেতে পারে। তাই পরিষ্কার আকাশের সম্ভাবনা রয়েছে এমন দিন বেছে নেওয়া উচিত। ভোরে প্রচণ্ড ঠান্ডা থাকতে পারে বলে পর্যটকদের সঙ্গে গরম পোশাক রাখা জরুরি। দূর থেকে কাঞ্চনজঙ্ঘার সৌন্দর্য উপভোগ করার সময় পরিবেশ পরিষ্কার রাখা এবং স্থানীয় মানুষের প্রতি সম্মান দেখানোও প্রত্যেক পর্যটকের দায়িত্ব। প্রকৃতির সৌন্দর্য রক্ষা করে ভ্রমণ করলে তেঁতুলিয়ার এই আকর্ষণ ভবিষ্যতেও পর্যটকদের আনন্দ দেবে।সব মিলিয়ে শীতের কুয়াশামাখা সকাল, নীল আকাশ, সবুজ চা-বাগান আর দূরে বরফঢাকা কাঞ্চনজঙ্ঘার দৃশ্য, সবকিছু মিলিয়ে পঞ্চগড় হয়ে উঠতে পারে ভ্রমণপ্রেমীদের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করতে শীতের মৌসুমই হতে পারে পর্যটকদের জন্য সেরা সময়। পরিবার ও বন্ধুদের সঙ্গে এই ভ্রমণ হয়ে উঠতে পারে স্মরণীয়।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।