জীবনটা সবে শুরু হয়েছে। সামনে ছিল নতুন স্বপ্ন, উচ্চশিক্ষা আর সুন্দর ভবিষ্যৎ গড়ার অসংখ্য পরিকল্পনা। কিন্তু সেই স্বপ্নগুলো আজ থমকে গেছে এক কঠিন রোগের কাছে। মরণব্যাধি ক্যানসারের সঙ্গে লড়ছে বগুড়ার শেরপুরের নম্র, শান্তশিষ্ট তরুণ সাদ সালমি। জীবন বাঁচাতে এখন তার প্রয়োজন প্রায় ৩০ লাখ টাকা। কিন্তু অসহায় পরিবারের পক্ষে এত বড় চিকিৎসার ব্যয় বহন করা সম্ভব হচ্ছে না। সাদ সালমি শেরপুর মডেল দাখিল মাদ্রাসা থেকে দাখিল (এসএসসি) এবং শেরউড ইন্টারন্যাশনাল প্রাইভেট স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। পড়াশোনা শেষ করে জীবনে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখছিল সে। কিন্তু এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর হঠাৎ করেই শুরু হয় প্রচণ্ড পেটব্যথা। দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা তার পেটে টিউমার শনাক্ত করেন। পরবর্তীতে তার পেটে বড় ধরনের অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পরও সুস্থ হয়ে বাড়ি ফেরা হয়নি সালমির। প্রায় দুই মাস হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয় তাকে। এরপর টিউমারের নমুনা পরীক্ষা - হিস্টোপ্যাথলজি ও ইমিউনোহিস্টোকেমিস্ট্রি (Immunohistochemistry) রিপোর্টে ধরা পড়ে Diffuse Large B-Cell Lymphoma (DLBCL), যা নন-হজকিন লিম্ফোমা (Non-Hodgkin Lymphoma) শ্রেণির এক ধরনের ক্যানসার। বর্তমানে সালমির উন্নত চিকিৎসা অত্যন্ত জরুরি। পরিবারের পক্ষ থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ভারতে নেওয়ার পরিকল্পনা করা হলেও নানা কারণে তা সম্ভব হয়নি। বর্তমানে বাংলাদেশেই তার চিকিৎসা চলছে। চিকিৎসার পুরো ব্যয় মেটাতে আনুমানিক ৩০ লাখ টাকা প্রয়োজন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। কিন্তু সীমিত সামর্থ্যের পরিবারের পক্ষে এই বিপুল অর্থের সংস্থান করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। যে বয়সে বন্ধুদের সঙ্গে হাসি-আনন্দে সময় কাটানোর কথা, উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে এগিয়ে যাওয়ার কথা, সেই বয়সেই হাসপাতালের বিছানায় শুয়ে কঠিন রোগের সঙ্গে লড়তে হচ্ছে সালমিকে। তার চোখেও নিশ্চয়ই রয়েছে বেঁচে থাকার স্বপ্ন, আবারও স্বাভাবিক জীবনে ফেরার আকাঙ্ক্ষা। কিন্তু সেই স্বপ্ন পূরণে এখন প্রয়োজন সবার সম্মিলিত সহযোগিতা। সাদ সালমির জীবন বাঁচাতে সমাজের বিত্তবান ব্যক্তি, প্রবাসী, জনপ্রতিনিধি, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনসহ দেশ-বিদেশের মানবিক মানুষের কাছে আকুল আবেদন জানিয়েছে তার পরিবার। আপনার সামর্থ্য অনুযায়ী সামান্য সহযোগিতাও হয়তো সালমির চিকিৎসার পথকে কিছুটা সহজ করে দিতে পারে। কেউ আর্থিক সহায়তা করতে না পারলেও প্রতিবেদনটি শেয়ার করে অন্যের কাছে পৌঁছে দিতে পারেন। একটি জীবন বাঁচানোর লড়াইয়ে আপনার সামান্য সহযোগিতাও হতে পারে অনেক বড় আশার আলো। আসুন, সবাই মিলে সাদ সালমির পাশে দাঁড়াই। অর্থের অভাবে যেন থেমে না যায় একটি তরুণের বেঁচে থাকার স্বপ্ন। সাদ সালমির পরিচয় ও যোগাযোগ: নাম: সাদ সালমি ঠিকানা: টাউন কলোনি, শেরপুর, বগুড়া সরাসরি যোগাযোগ: ০১৭৭৮২১১১৪৬ (সালমির বাবা)
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।