সার্চটুডে

বিশেষ ও ফিচার

আওয়ামী'লীগ নিষিদ্ধের প্রশ্নে বিচার, রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ

অতীতের অপরাধের বিচার যেমন জরুরি, তেমনি গণতন্ত্রের নামে নতুন কোনো স্বেচ্ছাচার প্রতিষ্ঠিত না হওয়াও সমান গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে প্রতিশোধ নয়, প্রাধান্য পাওয়া উচিত ন্যায়বিচার, আইনের শাসন ও জনগণের গণতান্ত্রিক অধিকার।বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগ আলোচনার তুঙ্গে। ২০২৪ সালের জুলাই-আগস্টের ক্ষমতাচ্যুত হওয়ার পর দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। স্থগিত রয়েছে নিবন্ধনও। দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিভিন্ন অপরাধের বিচারপ্রক্রিয়া চলছে। একই সঙ্গে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ করার প্রশ্নে সংবিধান সংশোধনের সম্ভাবনার কথাও রাজনৈতিক অঙ্গনে আলোচিত হচ্ছে।ফলে বিষয়টি এখন শুধু একটি রাজনৈতিক দলের ভবিষ্যতের প্রশ্ন নয়, বরং বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি ও রাষ্ট্রীয় কাঠামোর ভবিষ্যতের সঙ্গেও জড়িয়ে গেছে।[TECHTARANGA-POST:7482]এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, একটি রাজনৈতিক দলের অতীত অপরাধের বিচার নিশ্চিত করতে গিয়ে আমরা ভবিষ্যতের গণতান্ত্রিক পরিবেশকে কতটা সুরক্ষিত রাখতে পারছি?আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে গুম, খুন, বিরোধী মত দমন, রাজনৈতিক নিপীড়ন, নির্বাচনব্যবস্থার অবক্ষয় এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর দলীয়করণের যেসব অভিযোগ উঠেছে, সেগুলোর নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। বিশেষ করে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই দায়মুক্তি দেওয়ার সুযোগ নেই। অপরাধী যে দলেরই হোক, তার রাজনৈতিক পরিচয় যেন বিচারের পথে বাধা হয়ে না দাঁড়ায়।কিন্তু অপরাধের বিচার এবং একটি রাজনৈতিক দলের অস্তিত্ব বিলুপ্ত করার সিদ্ধান্ত এক বিষয় নয়। নেতৃত্বের অপরাধের দায় স্বয়ংক্রিয়ভাবে দলের প্রত্যেক সাধারণ কর্মী কিংবা সমর্থকের ওপর চাপিয়ে দেওয়া ন্যায়বিচারের নীতি হতে পারে না। যারা অপরাধে জড়িত, তাদের বিচার হতে হবে প্রমাণের ভিত্তিতে। অন্যদিকে যারা অপরাধে জড়িত নন, তাদের নাগরিক ও রাজনৈতিক অধিকারও বিবেচনায় রাখতে হবে। এ ক্ষেত্রে আইন, সংবিধান ও বিচারিক প্রক্রিয়ার যথাযথ অনুসরণ অপরিহার্য।এখন প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগের পতনের পর বাংলাদেশ কি সত্যিকার অর্থে একটি গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির দিকে এগিয়েছে? নাকি ক্ষমতার পালাবদলের সঙ্গে শুধু রাজনৈতিক পক্ষ পরিবর্তন হয়েছে?যদি নতুন রাজনৈতিক বাস্তবতায় বিরোধী মতকে দমন করা হয়, রাজনৈতিক প্রতিপক্ষকে প্রতিহিংসার শিকার হতে হয়, সংবাদমাধ্যম স্বাধীনভাবে কাজ করতে না পারে কিংবা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দলীয় স্বার্থে ব্যবহৃত হয়, তাহলে অতীতের সঙ্গে বর্তমানের মৌলিক পার্থক্য কোথায়?আওয়ামী লীগের শাসনামলের ভুলের পুনরাবৃত্তি যেন নতুন কোনো রাজনৈতিক শক্তির হাত ধরে ফিরে না আসে, সেটিই সবার প্রত্যাশা ছিলো। কিন্তু আদৌ কী তা হয়েছে?[TECHTARANGA-POST:7467]সংবিধানের ৩৮ অনুচ্ছেদে স্বীকৃত সংগঠন করার স্বাধীনতার বিষয়টিও গুরুত্বপূর্ণ। অবশ্যই রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলার স্বার্থে আইন অনুযায়ী বিধিনিষেধ আরোপের সুযোগ রয়েছে। কিন্তু সেই বিধিনিষেধের আইনি ভিত্তি, প্রয়োজনীয়তা ও যৌক্তিকতা থাকতে হবে। রাজনৈতিক সিদ্ধান্তের পরিবর্তে আইনের শাসনই হতে হবে চূড়ান্ত বিবেচ্য।আওয়ামী লীগের নেতৃত্বেরও আত্মসমালোচনার প্রয়োজন রয়েছে। অতীতের ভুল, দমন-পীড়ন ও জনবিচ্ছিন্নতার দায় এড়িয়ে শুধু রাজনৈতিক প্রত্যাবর্তনের দাবি তুললে জনগণের পুরো আস্থা ফিরে পাওয়া সম্ভব নয়। গণতন্ত্রের প্রতি অঙ্গীকার, অতীতের অপরাধের জবাবদিহি এবং সাংগঠনিক সংস্কারের প্রশ্নে তাদেরও স্পষ্ট অবস্থান নিতে হবে।অন্যদিকে বর্তমান সরকার ও রাজনৈতিক দলগুলোর দায়িত্বও কম নয়। জনগণের প্রত্যাশা শুধু একটি সরকারের পরিবর্তন নয়; তারা চায় রাষ্ট্র পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি, ন্যায়বিচার, ভোটাধিকার এবং রাজনৈতিক সহনশীলতা। ক্ষমতায় থাকা অবস্থায় যে দলই হোক, তাকে মনে রাখতে হবে রাষ্ট্র কোনো দলের ব্যক্তিগত সম্পত্তি নয়, রাষ্ট্রের মালিক জনগণ।আমরা মনে করি, আওয়ামী লীগের অপরাধের বিচার নিশ্চিত করতে হবে, কিন্তু সেই বিচার যেন রাজনৈতিক প্রতিহিংসার হাতিয়ার না হয়। কোনো দলকে নিষিদ্ধ করার সিদ্ধান্তও হতে হবে যথাযথ আইনগত প্রক্রিয়া, গ্রহণযোগ্য যুক্তি ও বিচারিক পর্যালোচনার ভিত্তিতে। একই সঙ্গে দেশের সব রাজনৈতিক শক্তিকে গণতান্ত্রিক আচরণ, সহনশীলতা ও জবাবদিহির সংস্কৃতি গড়ে তুলতে হবে।বাংলাদেশের সামনে এখন একটি বড় সুযোগ রয়েছে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠা করার সুযোগ। এই সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলে ক্ষমতার পালাবদল ঘটবে, রাজনৈতিক স্লোগান বদলাবে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন কখনও হবে না।আওয়ামী লীগ থাকবে কি থাকবে না এটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও আইনগত প্রশ্ন? কিন্তু তার চেয়েও বড় প্রশ্ন? আওয়ামী লীগ বাদে বাংলাদেশে গণতন্ত্র কতটা টেকসই হবে। একটি দলকে নিষিদ্ধ করলেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় না, আবার একটি দলকে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দিলেই গণতন্ত্র নিশ্চিত হয় না। গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আইনের শাসন, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন, স্বাধীন বিচারব্যবস্থা, মুক্ত সংবাদমাধ্যম, বিরোধী মতের প্রতি শ্রদ্ধা এবং জনগণের অধিকার নিশ্চিত করার মধ্য দিয়ে।আমরা এমন বাংলাদেশ চাই, যেখানে কোনো দল ক্ষমতায় এসে রাষ্ট্রকে নিজের সম্পত্তি মনে করবে না; কোনো সরকার বিরোধী মতকে শত্রু ভাববে না; কোনো অপরাধী রাজনৈতিক পরিচয়ের আড়ালে রক্ষা পাবে না। অতীতের ভুলের পুনরাবৃত্তি নয়, বরং ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতেই নির্ধারিত হোক বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ।

আওয়ামী'লীগ নিষিদ্ধের প্রশ্নে বিচার, রাজনীতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ