জন্মভূমির টান, শেকড়ের প্রতি ভালোবাসা আর আপন মানুষের সান্নিধ্য, সবকিছু মিলিয়ে বগুড়ার সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্পর্ক যেন এক আবেগের বন্ধন। সেই প্রিয় বগুড়ার মাটিতে আবারও আসছেন তিনি। আগামী ৫ ডিসেম্বর তাঁর বগুড়া সফরের খবরে জেলাজুড়ে তৈরি হয়েছে আনন্দ, উৎসাহ ও প্রত্যাশার আবহ। তাকে স্বাগত জানাতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। ঘরের সন্তানকে বরণ করে নিতে সাধারণ মানুষের মাঝেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
প্রধানমন্ত্রীর এবারের সফর শুধু আনুষ্ঠানিক কোনো সফর নয়, বরং বগুড়া ও আশপাশের এলাকার দীর্ঘদিনের উন্নয়ন প্রত্যাশা পূরণের নতুন সম্ভাবনা হিসেবেও দেখছেন স্থানীয়রা। কারণ, প্রধানমন্ত্রী বগুড়ায় আসা মানেই নতুন কোনো উদ্যোগ, নতুন কোনো ঘোষণা কিংবা এলাকার উন্নয়নে নতুন আশার বার্তা - এমন প্রত্যাশা তৈরি হয়েছে সাধারণ মানুষের মধ্যে। এবারের সফরেও নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও থানার কার্যক্রম উদ্বোধনের পাশাপাশি উত্তরাঞ্চলের যোগাযোগব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে এমন একটি বড় সড়ক প্রকল্পের কাজ শুরু হতে যাচ্ছে।
আগামী ৫ ডিসেম্বর জেলার শিবগঞ্জ উপজেলার মোকামতলা হাইস্কুল মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। শুক্রবার (২০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন উপলক্ষে ওই মাঠে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা ও মগ বিতরণ অনুষ্ঠানে এসব তথ্য জানান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তাঁর এই ঘোষণায় বগুড়াবাসীর মাঝে নতুন করে আনন্দের আবহ তৈরি হয়েছে। স্থানীয়দের মধ্যে প্রধানমন্ত্রীর আগমন ও উন্নয়নমূলক উদ্যোগগুলো নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা।
প্রতিমন্ত্রী জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী মোকামতলা হাইস্কুল মাঠে উপস্থিত হবেন। সেখানে ফলক উন্মোচনের মাধ্যমে নবসৃষ্ট মোকামতলা উপজেলা, মোকামতলা মডেল পৌরসভা ও মোকামতলা থানার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন তিনি।
এদিন মোকামতলা থেকে হিলি পর্যন্ত ৩৯ কিলোমিটার সড়ক ছয় লেনে উন্নীত করার প্রকল্পেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রায় ১ হাজার ৯০০ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়িত হতে যাওয়া এ প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচনের মাধ্যমে কাজের সূচনা করবেন তিনি। সড়কটি উন্নীত হলে উত্তরাঞ্চলের মানুষের যাতায়াত, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, মোকামতলা ও আশপাশের এলাকার মানুষের জন্য এসব উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন উপজেলা, পৌরসভা ও থানা প্রতিষ্ঠার পাশাপাশি সড়ক যোগাযোগব্যবস্থার উন্নয়ন হলে এলাকার মানুষের জীবনযাত্রার মান এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক প্রভাব পড়বে।
বগুড়া শুধু একটি জেলার নাম নয়, তারেক রহমানের কাছে এটি আদর্শের শেকড় ও স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা আপন ঠিকানা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি বগুড়ার সঙ্গে তাঁর পারিবারিক ঐতিহ্য এ জেলাকে ঘিরে মানুষের আবেগকে আরও গভীর করেছে। তাই প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে স্থানীয় মানুষের প্রত্যাশা তাকে একনজর দেখার পাশাপাশি দীর্ঘ অবহেলা পেরিয়ে নিজেদের এলাকার উন্নয়ন, কর্মসংস্থান, যোগাযোগব্যবস্থা ও নাগরিক সুযোগ-সুবিধার ক্ষেত্রেও নতুন অগ্রগতির স্বপ্ন দেখছেন তারা। বগুড়ার মানুষের কাছে এই সফর তাই আপনজনের আগমনের আনন্দের সাথে উন্নয়নের নতুন প্রত্যাশারও উপলক্ষ।
এর আগে গত ২০ এপ্রিল প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়া সফর করেন তারেক রহমান। ওই দিন তিনি নবনির্মিত বগুড়া জেলা আইনজীবী সমিতির ভবনের ফলক উন্মোচন এবং জেলা আদালতে ই-বেইল বন্ড ব্যবস্থার উদ্বোধন করেন। একই সফরে বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার আনুষ্ঠানিক ঘোষণা দেন। গাবতলীর বাগবাড়ীতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে জরুরি হাম-রুবেলা টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন এবং শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ৯১১ জন উপকারভোগীর মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। পাশাপাশি নশিপুরের চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করেন এবং বাগবাড়ীতে নিজের পৈতৃক বাড়ি পরিদর্শন করেন।
সেদিন বিকেলে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। সফরের শেষ পর্যায়ে বগুড়া প্রেসক্লাবের নতুন ভবন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণকাজের উদ্বোধন করেন তিনি। এক দিনের সেই সফরে প্রশাসনিক, সামাজিক, ধর্মীয় ও অবকাঠামোগত বিভিন্ন উদ্যোগের মধ্য দিয়ে বগুড়ার মানুষের সঙ্গে তাঁর সম্পর্কের এক বিশেষ আবহ তৈরি হয়েছিল।
এবার ৫ ডিসেম্বর আবারও সেই আপন মাটিতে, আপন মানুষের মাঝে ফিরছেন প্রধানমন্ত্রী। জন্মভূমির মাটিতে তাঁর এই আগমনকে ঘিরে বগুড়াবাসীর প্রত্যাশা, নতুন উদ্যোগ, উন্নয়নের নতুন দিগন্ত আর সম্ভাবনার আরও বিস্তৃত পথ তৈরি হবে প্রিয় জেলাকে ঘিরে।
মতামত