সার্চটুডে

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি: সত্যের পথে আপসহীন এক দশক

নানা সংকট, প্রতিকূলতা ও সংগ্রামের পথ পেরিয়ে গৌরবের এক দশকে পদার্পণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি (জবিরিইউ)। প্রতিষ্ঠার পর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা, শিক্ষার্থীদের দাবি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি সত্য, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে সংগঠনটি।সংগঠনটির নবম প্রতিষ্ঠাবার্ষিকী পেরিয়ে দশম বছরে পদার্পণ উপলক্ষে বর্তমান ও সাবেক সদস্য, উপদেষ্টা এবং শুভানুধ্যায়ীরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে সংগঠনের দীর্ঘ পথচলার স্মৃতিচারণ করে ভবিষ্যতে সাহসী, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তাঁরা।সংগঠনের প্রধান উপদেষ্টা ও জাপানের ইবারাকি বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইমতিয়াজ উদ্দীন বলেন, কয়েকজন তরুণ সংবাদকর্মীর স্বপ্ন ও অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়েছিল। সীমিত সুযোগ ও নানা প্রতিকূলতা পেরিয়ে আজকের অবস্থানে পৌঁছেছে জবিরিইউ।প্রতিষ্ঠার পর থেকে সংগঠনটি শিক্ষার্থীদের ন্যায্য অধিকারের পক্ষে থেকেছে এবং চাপ, ভয় কিংবা প্রলোভনের কাছে নতি স্বীকার না করে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চা করেছে। ভবিষ্যতেও নবীন সংবাদকর্মীরা সত্য, নিরপেক্ষতা ও নৈতিকতার প্রশ্নে আপস করবেন না বলে তিনি প্রত্যাশা করেন। পাশাপাশি গুজব ও অপতথ্যের বিরুদ্ধে দায়িত্বশীল সাংবাদিকতাকে প্রধান শক্তি হিসেবে ধারণ করার আহ্বান জানান তিনি।সংগঠনের উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ শরফুদ্দীন শশী বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি তাঁর কাছে কেবল একটি সাংবাদিক সংগঠন নয়; বরং ভালোবাসার জায়গা ও একটি পরিবারের মতো। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের সময় সংগঠনের কার্যক্রম, অর্জন, চ্যালেঞ্জ এবং সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো তাঁর কাছে বিশেষ স্মৃতি হয়ে আছে। বর্তমানে উপদেষ্টা হিসেবে তিনি সংগঠনের স্বকীয়তা, ঐতিহ্য ও পেশাদারত্ব বজায় রেখে আরও এগিয়ে যাওয়ার প্রত্যাশা করেন। নতুন প্রজন্মের সাংবাদিকেরা যেন সততা, সাহসিকতা ও বস্তুনিষ্ঠতার সঙ্গে শিক্ষার্থীদের অধিকার ও সমস্যাগুলো তুলে ধরেন, সেই আহ্বানও জানান তিনি।উপদেষ্টা ও সাবেক সভাপতি অমৃত রায় বলেন, বিশ্ববিদ্যালয়জীবনে সততা, সাহসিকতা ও অসাম্প্রদায়িক চেতনায় নিজেকে গড়ে তুলতে জবিরিইউ তাঁকে পথ দেখিয়েছে। সংগঠনের প্রতিটি দিন তাঁর কাছে নতুন অভিজ্ঞতা ও স্মৃতির সমাহার। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে দৃঢ় অবস্থান নিয়ে সংগঠনটি এখনো তারুণ্যের উদ্যমে কাজ করে যাচ্ছে। সত্য প্রকাশে সংগঠনটি সব সময় অগ্রসর থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘হোক সত্যের পক্ষে প্রবল পক্ষপাতিত্ব।’উপদেষ্টা ও সাবেক সাধারণ সম্পাদক রিসাত রহমান স্বচ্ছ বলেন, দীর্ঘ পথচলায় জবিরিইউ বিশ্ববিদ্যালয়ের নানা ঘটনা, শিক্ষার্থীদের দাবি, সমস্যা ও সম্ভাবনা তুলে ধরার পাশাপাশি ক্যাম্পাস সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সত্য, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রেখে সংগঠনটি আগামী দিনে নতুন প্রজন্মের সাংবাদিক তৈরিতে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।উপদেষ্টা ও সাবেক সভাপতি আবু হানিফ বলেন, ক্যাম্পাসে বিভিন্ন সংগঠন থাকলেও অন্যায়ের বিরুদ্ধে জোরালো প্রশ্ন তোলার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনন্য। তাঁর প্রত্যাশা, জবিরিইউ নিজস্ব আদর্শে অটুট থেকে বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর হিসেবে কাজ করে যাবে। নবীনদের হাত ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এই ধারা আরও বহুদূর এগিয়ে যাবে বলেও আশা প্রকাশ করেন তিনি।সংগঠনের আহ্বায়ক আবু বকর সম্পদ বলেন, নানা সংকট ও প্রতিকূলতা পেরিয়ে সংগঠনটি নবম বছর অতিক্রম করে দশম বর্ষে পদার্পণ করেছে। এই দীর্ঘ পথচলায় সাবেক ও বর্তমান সদস্যদের অবদান, ত্যাগ ও ভালোবাসা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। সংগঠনটি নিজস্ব আদর্শে অটুট থেকে সত্য ও ন্যায়ের পক্ষে সাহসী ভূমিকা পালন করবে এবং বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে দায়িত্বশীল সাংবাদিকতার চর্চা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।এদিকে সংগঠনের সদস্য সচিব মাহফুজুর রহমান বলেন, এক দশকের এই পথচলা কেবল সময়ের হিসাব নয়; বরং অসংখ্য স্মৃতি, ত্যাগ, পরিশ্রম, ঐক্য ও ভালোবাসার গল্প। যাঁরা নিজেদের শ্রম, মেধা, সময় ও আন্তরিকতা দিয়ে সংগঠনকে এগিয়ে নিয়েছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। আগামী দিনে জবিরিইউর পথচলা আরও সুন্দর, সমৃদ্ধ ও গৌরবময় হবে এবং এক দশকের অর্জন নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের বর্তমান ও সাবেক সদস্যরা জবিরিইউর উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেছেন। তাঁদের প্রত্যাশা, নেতৃত্বের পরিবর্তন ও সময়ের পরিবর্তনের মধ্যেও সংগঠনটি ঐক্য, পেশাদারত্ব ও নিজস্ব আদর্শ ধরে রেখে সত্য প্রকাশে সাহসী ভূমিকা পালন করবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রিপোর্টার্স ইউনিটি: সত্যের পথে আপসহীন এক দশক