জয়পুরহাটের কালাই উপজেলায় এক তরুণীকে সিঁদুর দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই নারীসহ পাঁচজন আহত হয়েছেন। এ ঘটনায় বাড়িঘর ভাঙচুর, মারধর এবং নগদ টাকা ও স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। তবে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছে।শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার পুনট ইউনিয়নের মালিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।আহতরা হলেন সুবর্ণা (৪০), মলিনা রানী (৫৫), গোবিন্দ (৪৫), জয় (২৫) ও চিচোরুন (৪৬)। তাঁদের মধ্যে তিনজনকে জয়পুরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। গুরুতর আহত চিচোরুনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, শারদীয় দুর্গাপূজার বিজয়া দশমীতে পল্লবী নামের এক তরুণীকে সিঁদুর দিতে চেয়েছিলেন দোলন নামের এক যুবক। এ ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।দোলনের পক্ষের লোকজনের অভিযোগ, প্রতিপক্ষ তাঁদের তিনটি বাড়িতে ভাঙচুর চালিয়েছে। এ সময় একজনের পায়ের রগ কেটে দেওয়া হয়। পাশাপাশি নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল লুট করা হয়েছে বলে তাঁরা দাবি করেন।অন্যদিকে, পল্লবীর পক্ষের লোকজনের দাবি, প্রতিপক্ষের হামলায় তাঁদের পক্ষের তিনজন আহত হয়েছেন। কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, ঘটনাটি তাঁরা শুনেছেন। তবে এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।