পটুয়াখালীর রাঙ্গাবালীতে ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে টানা তিন দিনের বৃষ্টি ও জলাবদ্ধতায় আগাম তরমুজের চারার ব্যাপক ক্ষতি হয়েছে। অনেক জমিতে পানি জমে পচে নষ্ট হয়ে গেছে চারা। ফলে নতুন করে বীজ বপন ও চারা তৈরির উদ্যোগ নিতে হচ্ছে কৃষকদের। এতে নির্ধারিত সময়ের চেয়ে ১৫ থেকে ২০ দিন পিছিয়ে পড়ার পাশাপাশি উৎপাদন খরচ দ্বিগুণ হওয়ার আশঙ্কা করছেন চাষিরা। কৃষি কার্যালয়ের ধারণা, বৃষ্টিতে উপজেলার ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের আবাদ ক্ষতিগ্রস্ত হতে পারে।বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড়ের প্রভাবে গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে উপকূলীয় অঞ্চলসহ দেশের বিভিন্ন স্থানে টানা তিন দিন বৃষ্টিপাত হয়। পটুয়াখালী জেলার মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন বঙ্গোপসাগর ও নদীবেষ্টিত দ্বীপ উপজেলা রাঙ্গাবালীও এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালেও সেখানে হালকা বৃষ্টি হয়। পরে বৃষ্টি না হলেও দিনভর আকাশ মেঘলা ছিল।উপজেলার কাউখালী চরে সরেজমিনে দেখা গেছে, বৃষ্টির পানিতে অনেক তরমুজের খেতে এখনো জলাবদ্ধতা রয়েছে। চারা রক্ষায় কৃষকদের কেউ কেউ কোদাল দিয়ে জমিতে নালা কেটে পানি নিষ্কাশনের চেষ্টা করছেন। একই পরিস্থিতি উপজেলার চরমোন্তাজ, চর ইমারশন, চালিতাবুনিয়া, বড়বাইশদিয়া ও মৌডুবি এলাকাতেও। জলাবদ্ধতায় বিস্তীর্ণ এলাকার তরমুজের চারা পানিতে তলিয়ে নষ্ট হয়ে গেছে।কাউখালী চরের কৃষকেরা জানান, মৌসুমের শুরুতে ভালো দাম পাওয়ার আশায় আগেভাগেই তরমুজের বীজ বপন ও চারা তৈরির কাজ শুরু করেছিলেন তারা। কিন্তু আকস্মিক দুর্যোগ ও টানা বৃষ্টিতে চারার বড় একটি অংশ নষ্ট হয়ে গেছে। এখন নতুন করে বীজ সংগ্রহ, জমি প্রস্তুত ও চারা তৈরিতে বাড়তি শ্রম ও অর্থ ব্যয় করতে হবে। এতে মৌসুমের শুরুতে বাজারে তরমুজ তুলতে না পারার আশঙ্কাও তৈরি হয়েছে। কাউখালী চরে তিন হেক্টর জমিতে তরমুজ চাষ করেছেন নুরুজ্জামান। তিনি বলেন, ‘টানা বৃষ্টিতে আমি পলি দিয়ে চারা ঢেকে রাখছি, তারপরও পানি পড়ে নষ্ট হয়ে গেছে। অনেকের খেতে পানি জমে আছে। রোদ উঠলে তাদেরও চারা নষ্ট হয়ে যাবে।’একই চরের তরমুজচাষি নুর আলম চৌকিদার বলেন, ‘বৃষ্টিতে পচন ধরে তরমুজের সব চারা নষ্ট হয়ে গেছে। এছাড়া চাষ দিয়ে রাখা জমি বৃষ্টিতে ভিজে রয়েছে। এই জমি শুকাতে আরও ১৫ থেকে ২০ দিন লাগবে। এতে আমরা এক মাস পিছিয়ে পড়ছি। সার, ওষুধসহ অনেক কিছুতে খরচ করেছি। এতে আমাদের অনেক লোকসান হবে। নতুন করে চাষ করতে হবে, তাতে দ্বিগুণ খরচ গুনতে হবে।’উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে রাঙ্গাবালীতে প্রায় সাড়ে ৭ হাজার হেক্টর জমিতে তরমুজ আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার হেক্টর জমি তরমুজ চাষের জন্য প্রস্তুত করা হয়েছে। ইতোমধ্যে ৮০ থেকে ৮৫ হেক্টর জমিতে তরমুজের আবাদ সম্পন্ন হয়েছে।উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে বৃষ্টিপাতের কারণে উপজেলার বিভিন্ন এলাকায় তরমুজের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কয়েক দিন পর ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নির্ণয় করা সম্ভব হবে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ৪০ থেকে ৪৫ শতাংশ তরমুজের জমি ক্ষতিগ্রস্ত হতে পারে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।রাঙ্গাবালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল হাসান বলেন, আগাম তরমুজের চারা রোপণের জন্য এ সময়টি অত্যন্ত উপযুক্ত। তবে অসময়ের বৃষ্টি কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। সময়মতো চারা রোপণ করা সম্ভব না হলে তাদের দ্বিগুণ খরচের মুখে পড়তে হতে পারে। ক্ষতিগ্রস্ত কৃষকদের সহযোগিতার প্রয়োজন হলে কৃষি কার্যালয়ের সঙ্গে সমন্বয় করে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার চেষ্টা করা হবে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।