দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রচলিত ফসল চাষের পাশাপাশি মাচা পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের। আধুনিক কৃষি প্রযুক্তি ব্যবহার করে চাষ করা হলুদ ও সবুজ জাতের তরমুজে ভালো ফলন পাওয়ায় স্থানীয় কৃষকদের মধ্যে এ পদ্ধতিতে চাষের আগ্রহ তৈরি হয়েছে।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, কৃষকদের আধুনিক ও লাভজনক কৃষি পদ্ধতির সঙ্গে পরিচিত করতে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে মাচায় অসময়ের তরমুজ চাষে কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।
সম্প্রতি উপজেলার একটি কৃষি ব্লকে গিয়ে দেখা যায়, মাচায় সারিবদ্ধভাবে তরমুজ গাছ বেড়ে উঠেছে। গাছে ঝুলছে হলুদ ও সবুজ রঙের তরমুজ। কৃষকরা উৎপাদিত তরমুজ হাতে নিয়ে চাষ পদ্ধতি ও ফলন নিয়ে কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করছেন।
চাষিরা জানান, প্রচলিত পদ্ধতির তুলনায় মাচায় তরমুজ চাষে জমির সর্বোত্তম ব্যবহার করা যায়। পাশাপাশি গাছ ও ফল মাটির সংস্পর্শে না থাকায় রোগবালাইয়ের ঝুঁকি কম থাকে এবং পরিচর্যাও তুলনামূলক সহজ। অসময়ে উৎপাদিত তরমুজ বাজারে ভালো দাম পাওয়ায় এ পদ্ধতিতে চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।
চিরিরবন্দর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ জোহরা সুলতানার সার্বিক ব্যবস্থাপনা ও নির্দেশনায় কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তিতে উদ্বুদ্ধ করার কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। কৃষকদের প্রশিক্ষণ, পরামর্শ ও মাঠপর্যায়ে সহযোগিতার মাধ্যমে নতুন নতুন ফসল উৎপাদনে উৎসাহিত করা হচ্ছে।
কৃষি কর্মকর্তারা বলছেন, স্থানীয় কৃষকদের প্রচলিত ফসলের পাশাপাশি উচ্চমূল্যের বিকল্প ফসল চাষে উৎসাহিত করা গেলে কৃষিতে বৈচিত্র্য আসবে। এতে কৃষকের আয় বাড়ার পাশাপাশি অসময়ের সবজি ও ফলের চাহিদাও পূরণ করা সম্ভব হবে।
স্থানীয় কৃষকরা জানান, মাচা পদ্ধতিতে অসময়ের তরমুজ চাষের ফলন ও বাজারদর সন্তোষজনক হলে আগামীতে আরও বেশি জমিতে এ পদ্ধতিতে চাষ করার পরিকল্পনা রয়েছে।
মতামত