কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনের উপনির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য দলীয় মনোনয়নপ্রত্যাশী হিসেবে নিজ এলাকায় শক্তির জানান দিয়েছেন তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। দলীয় নেতা-কর্মী ও অনুসারীদের নিয়ে মিছিল ও সমাবেশের মাধ্যমে বড় ধরনের শোডাউন করেছেন তিনি।মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে ‘পতিত স্বৈরাচারের পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে’ এ কর্মসূচির আয়োজন করা হয়। উপজেলার সাতটি ইউনিয়ন থেকে ঢাকঢোল পিটিয়ে বিপুলসংখ্যক নেতা-কর্মী ও সমর্থক মিছিল-সমাবেশে যোগ দেন।কর্মসূচির শুরুতে নেতা-কর্মীরা তাড়াইল-সাচাইল দারুল হুদা কাছেমুল উলুম মাদরাসা মাঠে জড়ো হন। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে একটি মিছিল বের করা হয়। মিছিলটি তাড়াইল সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদরাসা মার্কেটের বিএনপির দলীয় কার্যালয়ে শেষ হয়। ড. ওসমান ফারুকের পদত্যাগে শূন্য হওয়া কিশোরগঞ্জ-৩ আসনে এখনো উপনির্বাচনের তপশিল ঘোষণা করা হয়নি। তবে নির্বাচনকে ঘিরে বিএনপির সম্ভাব্য প্রার্থী হিসেবে দলীয় নেতাদের মধ্যে ইতোমধ্যে আলোচনা শুরু হয়েছে। এরই মধ্যে সারওয়ার হোসেন লিটনের এ মিছিল-সমাবেশকে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে দেখছেন স্থানীয় রাজনৈতিক মহল।কিশোরগঞ্জ-৩ আসনটি করিমগঞ্জ ও তাড়াইল উপজেলা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৪ লাখ ১২ হাজার ৬৬৩ জন। এর মধ্যে করিমগঞ্জ উপজেলায় ২ লাখ ৯১ হাজার ৫৭ জন এবং তাড়াইল উপজেলায় ১ লাখ ২১ হাজার ৬০৬ জন ভোটার রয়েছেন।উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে তাড়াইল থেকে প্রার্থী দেওয়ার দাবি জানিয়েছেন উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন। তিনি বলেন, করিমগঞ্জ ও তাড়াইল নিয়ে গঠিত এ আসনে বিএনপি বারবার করিমগঞ্জ থেকে প্রার্থী মনোনয়ন দিয়েছে। এবার তাড়াইল থেকে কাউকে মনোনয়ন দেওয়ার বিষয়টি দলের বিবেচনা করা উচিত।দলীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে সারওয়ার হোসেন লিটনের। তিনি ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাড়াইল উপজেলা শাখার সভাপতি ছিলেন। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হল ছাত্রদলের নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তী সময়ে তাড়াইল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেছেন।দলীয় সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে এখন পর্যন্ত ছয়জনের নাম আলোচনায় রয়েছে। তাঁরা হলেন—তাড়াইল উপজেলা বিএনপির সভাপতি সারওয়ার হোসেন লিটন, করিমগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম সুমন, জেলা বিএনপির সাবেক সহসভাপতি জাহাঙ্গীর আলম মোল্লা ও জালাল মোহাম্মদ গাউস, চিকিৎসক এরশাদ আহসান সোহেল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর দক্ষিণের শিক্ষা বিষয়ক যুগ্ম সাধারণ সম্পাদক জিএম মজিবুর রহমান ভুঁইয়া সবুজ।তাড়াইলের বিএনপি নেতা-কর্মীদের দাবি, দীর্ঘদিন ধরে এ উপজেলায় দলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী থাকলেও সংসদীয় আসনের মনোনয়নের ক্ষেত্রে তাড়াইল বরাবরই বঞ্চিত হয়েছে। এবার তাড়াইল থেকে প্রার্থী মনোনয়ন দেওয়া হলে দুই উপজেলার ভোটারদের মধ্যে প্রতিনিধিত্বের ভারসাম্য তৈরি হবে এবং দলের সাংগঠনিক ঐক্য আরও সুদৃঢ় হবে।উল্লেখ্য, অসুস্থতার কারণ দেখিয়ে গত ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে পদত্যাগপত্র পাঠান বিএনপির দলীয় সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক। তাঁর পদত্যাগের ফলে কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
সহজ ও দ্রুত খবরের আপডেট পেতে আমাদের অ্যাপটি ইন্সটল করুন।