নীলফামারীর সৈয়দপুরে জমি সংক্রান্ত বিরোধের জেরে হামলা ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আবুল কাশেম সৈয়দপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।
জিডি নম্বর- ৯৫৬, তারিখ- ১৬ জুন ২০২৬।
জিডি সূত্রে জানা যায়, সৈয়দপুর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কয়ানিজপাড়ায় একটি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। আবুল কাশেমের স্ত্রী আরজিনা বেগম ওই জমির ক্রয়সূত্রে মালিক এবং সেখানে বসতবাড়ি নির্মাণ করে বসবাস করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত ৮ জানুয়ারি বিকেলে আব্দুল কাদের (৩৫) ও ওয়াইজুল হক (৫৮) কয়েকজন অজ্ঞাত ব্যক্তিকে সঙ্গে নিয়ে ওই জমিতে নির্মাণকাজ শুরু করেন। এ সময় আরজিনা বেগম বাধা দিলে তাকে গালিগালাজ ও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। পরে তিনি এ ঘটনায় নীলফামারী আদালতে মামলা করেন।
জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ১২ জুন দুপুরে জুমার নামাজ শেষে বাড়ি ফেরার পথে নিমবাগান রোড এলাকায় আবুল কাশেমকে মারধর করা হয়। এ সময় তার স্ত্রীর দায়ের করা মামলা প্রত্যাহার না করলে তাকে ও তার স্ত্রীকে ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
আবুল কাশেম অভিযোগ করেন, ঘটনার পর থেকে তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় রয়েছেন। তিনি প্রশাসনের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।
মতামত